অবাধ-নিরপেক্ষ নির্বাচন চায় আ. লীগ: হাসিনা
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ ও নিরপেক্ষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন চায় তাদের দল।
শুক্রবার গণভবনে দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে তিনি বলেন, “আগামী নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয়, সেটাই আমরা চাই।”
তত্ত্বাবধায়ক সরকার দাবিতে দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি নেতৃত্বাধীন জোট বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
এজন্য তারা নির্বাচনকালীন ‘সহায়ক সরকারের’ দাবি জানালেও সে বিষয়ে গা করছে না আওয়ামী লীগ। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে- বলছেন তারা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষপাতি হলেও তার ঘোর বিরোধী বিএনপি।
নির্বাচন কমিশনের চলমান সংলাপে রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ট অন্যদের মতামত পাওয়া গেলে এবং তা ‘বাস্তবসম্মত’ হলে ইভিএম ব্যবহারের সুযোগ রয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানিয়েছেন।
২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথম ইভিএম ব্যবহার করা হয়। এরপর স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচনে সফলভাবে ইভিএম ব্যবহার হলেও কারিগরি ত্রুটি নিয়ে নির্বাচন কমিশন-বুয়েট দ্বন্দ্বে এর ব্যবহার আটকে যায়।
“আমাদের একটাই কথা- মানুষ তার ভোটের অধিকার, যেটা তার সাংবিধানিক অধিকার, যেটা তার মৌলিক অধিকার- সেটা সে প্রয়োগ করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, নিঃসঙ্কোচে প্রয়োগ করতে পারে।”
আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১২ সালে সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়লাভের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা তো বাঁধা দেইনি। আমরা তো রেজাল্ট বদলাইনি।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে তারা কাজ করছেন।
“এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যটা বাস্তবায়নের জন্য যা যা প্রস্তাব, যা যা করণীয় সেটাই আমরা করতে চাই।”
আগামী ১৮ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপে দল থেকে যেসব প্রস্তাব দেওয়া হবে, তা চূড়ান্ত করতে এই যৌথ বৈঠক হয়।
