‘সমাজ বিনির্মাণের পথে অনুপ্রেরণা যোগায় রুশ বিপ্লব’
শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুশ বিপ্লব এখনও সমাজ বিনির্মাণের লড়াইয়ে অংশ নেওয়ার অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
শুক্রবার বিকালে রাজধানীর ভিক্টোরিয়া পার্কে রুশ বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
অক্টোবর বিপ্লব উদযাপনে গঠিত জাতীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরীর পাশাপাশি আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মঞ্জুরুল আহসান খান, সাংস্কৃতিক সংগঠক হায়দার আনোয়ার খান জুনো এবং উদীচীর ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। এতে সভাপতিত্ব করেন উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদ।
আলোচনায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “আমাদের ভূখণ্ডের মানুষের মুক্তি সংগ্রামেও রুশ বিপ্লবের প্রভাব নতুন মাত্রা যোগ করেছিল। এমনকি আজও বিপ্লবের সেই অগ্নিস্ফূলিঙ্গ নিপীড়িত মানুষের সামনে সমাজ বিনির্মাণের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার নতুন অনুপ্রেরণা যোগায়।”
১৯১৭ সালে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে সংঘটিত রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব শোষণ ও যন্ত্রণার অন্ধকার থেকে সাধারণ মানুষকে মুক্তি দিয়েছিল। সেই বিপ্লবের অনুপ্রেরণাতেই পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে জেগে ওঠে শৃঙ্খলিত মানুষ।
মঞ্জুরুল আহসান খান বলেন, “সব শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে উন্নত ও আধুনিক জীবনের যে স্বপ্ন দেখেছিলেন বিপ্লবের নেতৃত্বদানকারীরা, তা বাস্তবে রূপ নিয়েছিল সোভিয়েত রাশিয়ায়।
“শুধু শোষণ-নির্যাতন থেকে মুক্তিই নয়, সেই বিপ্লবের অভিঘাতে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশ্বব্যাপী এক নতুন জাগরণ শুরু হয়েছিল, যা বিশ্ববাসীর সামনে মুক্তির বার্তা নিয়ে উপস্থিত হয়।”
একক আবৃত্তি পরিবেশন করেন মিজানুর রহমান সুমন, জোবায়েদুর রহমানসহ উদীচীর বাচিক শিল্পীরা। দলীয় আবৃত্তি পরিবেশন করে উদীচী ঢাকা মহানগর সংসদের আবৃত্তি বিভাগ। আর ‘হেই সামালো ধান হো কাস্তেতে দাও শান হো’ গানটির সাথে দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা।
দলীয় পরিবেশনা নিয়ে মঞ্চে আসে উদীচীর তেজগাঁও ও মিরপুর শাখার শিল্পীরা। এছাড়া উদীচী ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের শিল্পীরা পরিবেশন করেন পথনাটক ‘অধিকারনামা’।
