ঢাবির সেই সভা অবৈধ, ‘যথাযথভাবে’ সিনেট গঠনের নির্দেশ
রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্ধারণ না করেই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট গত জুলাইয়ে যে বিশেষ সভা করেছিল এবং সেখানে তিন সদস্যের যে উপাচার্য প্যানেলের অনুমোদন দেওয়া হয়েছিল, তা অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।
এ বিষয়ে এর আগে হাই কোর্টের দেওয়া রুলের নিষ্পত্তি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়।
রায়ে ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে’ আগামী ছয় মাসের মধ্যে সিনেট গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে হাই কোর্টে এ বিষয়ে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী। আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
এর আগে আপিল বিভাগ সিনেটে মনোনীত ওই তিন সদস্যের প্যানেল নিয়ে পরবর্তী কার্যক্রম স্থগিত করে হাই কোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। আর রুল নিষ্পত্তির আগ পর্যন্ত তখনকার উপাচার্যই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করে যাবেন বলে সেই আদেশে জানানো হয়েছিল।
কিন্তু আট বছর ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় রুল নিষ্পত্তির আগেই গত ৪ সেপ্টেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামানকে ‘সাময়িকভাবে’ উপাচার্যের দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে হওয়া সিনেট সভায় উপাচার্য নির্বাচনে যে তিন জনের প্যানেল অনুমোদন করা হয়েছিল, সেখানে অধ্যাপক আখতারুজ্জামানের নাম ছিল না।
ফলে ওই সিনেট সভা এবং তিন সদস্যের প্যানেল অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের তেমন কোনো প্রভাব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকজ কার্যক্রমে পড়ছে না বলে আইনজীবীরা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন
নির্বাচন ছাড়াই সাড়ে চার বছর দায়িত্ব পালনের পর ২০১৩ সালের ২৪ অগাস্ট সিনেটের বিশেষ অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচনের মাধ্যমে আরও চার বছরের জন্য নিয়োগ পান অধ্যাপক আরেফিন সিদ্দিক। তার সেই মেয়াদ শেষ হয় গত ২৪ অগাস্ট।
তার মেয়াদ পূর্তির আগে আগে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন না করেই ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা ডাকা হলে তাতে আপত্তি জানিয়ে আদালতে রিট আবেদন করেন ১৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট।
১৯৭৩ এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্যরা ভোট দিয়ে তিনজনের একটি উপাচার্য প্যানেল ঠিক করেন, তার মধ্য থেকে একজনকে উপাচার্য পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য বা রাষ্ট্রপতি।
সিনেটে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব থাকে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্য থেকেও ২৫ জন প্রতিনিধি এই সিনেটে থাকেন। কিন্তু রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্ধারণ বা নির্বাচন না করেই ২৯ জুলাই ওই সিনেট সভা ডাকা হয়।
রিট আবেদনকারীদের বক্তব্য শুনে গত ২৪ জুলাই বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ ফারুকের হাই কোর্ট বেঞ্চ সিনেট সভা স্থগিত করে দেয়।
সেই সঙ্গে ওই সভা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং সভা আহ্বান করে দেওয়া নোটিস কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দেয় হাই কোর্ট। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো ভিসি (শিক্ষা), প্রো ভিসি (প্রশাসন), রেজিস্ট্রার ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়।
ডাকসু নির্বাচন দিয়ে সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে ২৯ জুলাই ছাত্রদের বিক্ষোভ
এদিকে ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে সিনেটের সভা বসে।বিএনপিপন্থি সমর্থকদের বর্জন, সরকার সমর্থকদের একাংশের আপত্তি এবং শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে ওই সভায় ভোট ছাড়াই উপাচার্য প্যানেল চূড়ান্ত করা হয়।
বিকল্প কোনো প্রস্তাব সভায় না আসায় অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ও নীল দলের আহ্বায়ক আবদুল আজিজকে নিয়ে তিন সদস্যের প্যানেলই সিনেটের অনুমোদন পায়।
নিয়ম অনুযায়ী ওই তিনজনের মধ্য থেকেই একজনকে পরবর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৩ অগাস্ট সিনেটে মনোনীত ওই প্যানেলের পরবর্তী কার্যক্রম স্থগিত করে হাই কোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।
রুলি নিষ্পত্তির আগেই ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের ১১ (২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্যানেলের বাইরে থেকে অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্যের দায়িত্ব দেন। আর আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী শুনানি করে হাই কোর্ট মঙ্গলবার সিনেটের ওই সভা ও প্যানেল অবৈধ ঘোষণা করে রায় দেয়।
