২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিউশন ফি: ইউজিসির অনুমোদন বাধ্যতামূলক চায় সংসদীয় কমিটি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘টিউশন ফি’ কার্যকরে বাধ্যতামূলকভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের বিষয়টি সংশ্লিষ্ট আইনে রাখতে চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সাজিদুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 11:25 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের বিদ্যমান আইনেরও পরিবর্তন চাইছে কমিটি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে এসব বিধানসহ আর কিছু পরিবর্তন করতে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। কমিটি বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই আইনের খসড়া চূড়ান্ত করা হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরীক্ষা-নিরীক্ষার জন্য ২০১৫ সালে একটি উপকমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণলায় সম্পর্কিত সংসদীয় কমিটি।

স্থায়ী কমিটির সদস্য আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক করে গঠিত উপ-কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য জাহাঙ্গীর কবীর নানক, ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান। এছাড়া ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও কমিটিতে আছেন।

রোববার ওই উপ-কমিটির প্রতিবেদন নিয়ে বৈঠক হয়।

ইউজিসির সঙ্গে বৈঠক করে উপ-কমিটি তাদের প্রতিবেদন চূড়ান্ত করে, যার একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে রয়েছে।

২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি তৈরির সময় মন্ত্রণালয় টিউশন ফি নির্ধারণে সরকারের অনুমোদন নেওয়ার বিষয়টি যুক্ত করলেও উদ্যোক্তাদের দাবির মুখে সংসদীয় কমিটি তা বাদ দেয়।

বর্তমান আইনে রয়েছে, প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয় তার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য শিক্ষার্থীদের জন্য দেশের আর্থ-সামাজিক মানদণ্ডে সামঞ্জস্যপূর্ণ একটি ‘শিক্ষার্থী ফি’ প্রস্তুত করে ইউজিসিকে অবহিত করবে। ইউজিসি প্রয়োজনে এ বিষয়ে পরামর্শ দেবে।

এখন সংসদীয় কমিটি চাইছে, প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফরমে শিক্ষার্থী ফি কাঠামো প্রস্তুত করে ইউজিসির কাছে অনুমোদনের জন্য পাঠাবে।

তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে, প্রতিবেদনটি তৈরির আগেই তাদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল।

সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত সংসদীয় কমিটি কোনো ব্যাপারেই আমাদের সাথে কথা বলেনি। তারা একচেটিয়া কাজ করছে। আমরা আলোচনার জন্য চিঠিও দিয়েছি। তারা আমাদের ডাকেনি।”

তিনি বলেন, “আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন কার্যকর হয়। কিন্তু চাপিয়ে দিলে সুফল আসে না।

“আমার বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের অনুমোদনের জন্য দুই বছর আগে ইউজিসিতে চিঠি দিয়েছি। এখনও তারা করতে পারেনি। যখনই ফোন করি বলে, করে দিচ্ছি।”

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি কবির বলেন, “তারা বলে ম্যানপাওয়ার নেই। দুই বছর ধরে ফাইল পড়ে থাকে। এখন যদি আবার এই দায়িত্ব (ফি অনুমোদন) দেওয়া হয় তারা করবে কী?”

বিদ্যমান আইনে উপাচার্য নিয়োগে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতাসহ গবেষণা বা প্রশাসনিক কাজে ২০ বছরের অভিজ্ঞতা থাকার বিধান রয়েছে। একই সঙ্গে নিয়োগ প্রস্তাবের সঙ্গে প্রস্তাবিত ব্যক্তির লিখিত সম্মতিপত্রও থাকতে হয়।

কমিটির প্রস্তাবনায় বলা হয়েছে, উপাচার্য পদে নিয়োগের জন্য প্রস্তাবিত ব্যক্তির শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। উপাচার্য নিয়োগের জন্য তিনজনের প্যানেল করার প্রস্তাবও রাখা হয়েছে।

একই বিধান রাখার প্রস্তাব করা হয়েছে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রেও।

বিদ্যমান আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যূন্য ২৫ হাজার বর্গফূটের নিজস্ব/ভাড়া ভবন থাকার বিধান আছে। সংসদীয় কমিটি এখন ৫০ হাজার বর্গফুটের ভবনের প্রস্তাব করেছে। নির্মীয়মান ভবন এক্ষেত্রে বিবেচনায় রাখা হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া আগের আইনে তফসিলি ব্যাংকে ‘সংরক্ষিত তহবিল’ হিসেবে নির্দিষ্ট টাকা জমার বিধানেও পরিবর্তন প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। জমা রাখা টাকা উত্তোলন বা অন্য ব্যাংকে স্থানান্তর করতে গেলে ইউজিসির অনুমোদনের প্রস্তাব রাখা হয়েছে, যা বিদ্যমান আইনে নেই।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও যৌন নিপীড়ন রোধ কমিটি রাখার প্রস্তাব রাখা হয়েছে, যা বিদ্যমান আইনে নেই। এছাড়া সিন্ডিকেটে সরকার মনোনীত একজনের পরিবর্তে ইউজিসি মনোনীত দুই শিক্ষাবিদ রাখার প্রস্তাব করা হয়েছে।

শিক্ষক নিয়োগ কমিটিতে ইউজিসি মনোনীত একজন শিক্ষাবিদ রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বোর্ড অব ট্রাস্টিজের কোনো সদস্য বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা পদে থাকতে পারবে না বলেও সংসদীয় কমিটি প্রস্তাব করেছে।

এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য হাছান মাহমুদ বলেন, “স্থায়ী কমিটি উপ-কমিটির প্রতিবেদনেটি গ্রহণ করে আলোচনা করেছে। তবে খসড়া চূড়ান্ত করার আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করা হবে।”

পুরনো খবর:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি নিয়ন্ত্রণে আইন সংশোধন হচ্ছে