বাবুর্চি ও গার্ডের বদলে ৩২০০০ টাকা ভাতা পাবেন সচিবরা
জনপ্রশাসনের সচিবদের বাসভবনের জন্য সৃষ্ট বাবুর্চি ও নিরাপত্তা প্রহরীর (গার্ড) পদ বিলুপ্ত করে এই দুটি খাতের জন্য সচিবদের ৩২ হাজার টাকা করে ভাতা দেবে সরকার।
সচিবদের বাসভবনের জন্য সৃষ্ট ৭৩টি বাবুর্চি ও ৭৩টি নিরাপত্তা প্রহরীর পদ বিলুপ্ত করে রোববার পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা সোমবার প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব ছাড়াও পিআরএল ভোগরত এবং ওএসডি ও চুক্তিতে থাকা সচিবরা এতদিন নিজেদের বাসভবনের জন্য একজন করে বাবুর্চি ও নিরাপত্ত প্রহরী পেয়ে আসছিলেন।
সচিবদের জন্য সরকারের নতুন এই সিদ্ধান্ত গত ১ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।
সরকারের জ্যেষ্ঠ সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবরা যে দপ্তরেই থাকুক না কেন সবাই এই সুবিধা পাবেন বলে পরিপত্রে বলা হয়েছে।
জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদমর্যাদার ৭৯ জন কর্মরত আছেন।
