২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচ্য চিত্রকলায় ঐতিহ্যের অনুরণন

ঐতিহ্য অনুসন্ধানে ব্রতী একদল শিল্পী করণকৌশল এবং বিষয়বোধে চিত্রকলায় ফুটিয়ে তুলেছেন প্রাচ্যের জীবনবোধ ও চিন্তার ঐতিহ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 09:21 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

ভারত ও বাংলাদেশের ৫১ জন শিল্পীর আঁকা প্রাচ্যধারার ৮০টি শিল্পকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১ এ শুরু হয়েছে সপ্তম প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী। সোমবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্পী রফিকুন নবী, কবি নির্মলেন্দু গুণ, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, ভারতীয় শিল্পী স্বপন দাস।

প্রদর্শনীতে ঠাঁই পাওয়া শিল্পকর্মগুলোতে প্রাচ্যরীতির বিভিন্ন মাধ্যম, টেকনিক, শিল্প অনুভূতির নানা অনুষঙ্গের প্রভাব লক্ষ্যণীয়। বিশেষত অবনীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত জলরঙ ওয়াশ পদ্ধতিতে বেশিরভাগ কাজ করা হয়েছে। এছাড়া রয়েছে মিনিয়েচার পেইন্টিং, ঐতিহ্যবাহী ওয়াশ পেইন্টিং, সিল্ক পেইন্টিং, টেম্পারা পেইন্টিং ইত্যাদি।

বাস্তব, পরাবাস্তবতায় প্রাচ্যের জীবনধারা, মূল্যবোধ আর সংস্কৃতিতে তুলে আনতে নানা রঙ আর মাধ্যমে নিরীক্ষায় ব্রতী হয়েছেন শিল্পীরা। পৌরাণিক চরিত্রগুলোর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদের নানা মুহূর্তকেও তুলে এনেছেন তারা।

সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অস্থিরতার বিপরীতে কোনো এক আলোকবর্তিকার উত্থানে আশাবাদের গল্প শুনিয়েছেন তারা। নিয়মকানুনের শৃঙ্খলে চার দেয়ালে বন্দি নারীকে তারা নিয়ে এসেছেন পর্দার এপাশে। প্রাণোচ্ছল নারীর এগিয়ে চলার গল্প আঁকতে চেয়েছেন তারা। গ্রামীণ জীবনের পাশাপাশি শহরের অবকাঠামো, নাগরিক জীবনের অনুষঙ্গও উঠে এসেছে ছবিতে। 

মিক্সড মিডিয়া, অক্সাইড, চারকোল, অ্যাক্রেলিকে শিল্পীরা তুলে এনেছেন বাংলার মুক্তি সংগ্রামের গল্প। সময়ের আলোচিত ইস্যু শরণার্থী সমস্যাটিও বাদ যায়নি।

প্রদর্শনীর আয়োজক ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ।

গ্রুপের কিউরেটর ও চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান মলয় বালা জানান, ২০০৯ সালে যাত্রা শুরু করা এই গ্রুপটির উদ্দেশ্য প্রাচ্য চিত্রকলাকে নতুনভাবে সমসাময়িক চিন্তাভাবনায় উপস্থাপন করা।

প্রদর্শনী চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনীর দুয়ার।

ভারত-বাংলাদেশের শিল্পীদের যৌথ চিত্রকর্ম প্রদর্শনী ‘মৈত্রী’

প্রকৃতি ও মানুষের অবিচ্ছেদ্য যোগসূত্রের গল্পটি তুলে এনে প্রাণ প্রকৃতি রক্ষার আবেদন জানালেন ভারত ও বাংলাদেশের ২০ জন শিল্পী।

সোমবার বিকালে জয়নুল গ্যালারি-২ এ ‘মৈত্রী’ শিরোনামের এক চিত্রকর্ম প্রদর্শনীতে তাদের ২৪টি শিল্পকর্মগুলোতে ধ্বনিত হলো প্রকৃতির আর্তনাদ।

ওয়াটার কালার, অ্যাক্রেলিক ও অয়েল- মাধ্যমে তারা তুলে এনেছেন সবুজাভ প্রকৃতির গল্প। প্রকৃতির বিরূপতায় মানুষের সংগ্রামী জীবন, আবার সেই মানুষের আগ্রাসনেই বিপন্ন প্রকৃতির আর্তনাদকে তারা তুলে এনেছেন তুলির পোঁচে।

প্রদর্শনীতে উঠে এসেছে সমাজ বাস্তবতায় নারীর অবস্থান ও ধর্ম বিশ্বাসের কথা। সামাজিক নানা দুর্নীতিকে প্রতীকের মাধ্যমে তুলে এনেছেন শিল্পীরা।

ফোকাস বাংলাদেশের আয়োজনে এই প্রদর্শনীর ‍ উদ্বোধন করেন ভাস্কর হামিদুজ্জামান খান।