যাদের কর নেই, বিনামূল্যে আইনি সেবা তাদের
যাদের বার্ষিক আয় সরকার নির্ধারিত নির্ধারিত করমুক্ত আয় সীমার নিচে, তারা বিনামূল্যে সরকারি আইনি সেবা পাবেন।
সাধারণ ব্যক্তির ক্ষেত্রে আড়াই লাখ টাকা, নারী ও ৬৫ বছর বা এর বেশি বয়সের ব্যক্তির তিন লাখ টাকা, প্রতিবন্ধী ব্যক্তির চার লাখ এবং যেসব গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বার্ষিক আয় চার লাখ ২৫ হাজার টাকা তাদের বিনামূল্যে আইনি সেবা দেবে সরকার।
এতদিন যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকা তারা সুপ্রিম কোর্টে এবং যাদের আয় এক লাখ টাকা ছিল তারা অধস্তন আদালতে সরকারি আইনি সেবা পেতেন।
সচিবালয়ে রোববার আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (এনএলএসও) জাতীয় পরিচালনা বোর্ডের ৩৫তম সভায় বিনামূল্যে আইনী সেবা পেতে বার্ষিক আয়ের
‘সিলিং’ বাড়ানো হয় বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আপিল বিভাগের অ্যাডভোকেট অন রেকর্ডের ফি কাঠামো পুনর্বিবেচনা এবং দায়িত্বপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড কর্মকর্তাদের দায়িত্বভাতা মাসিক এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ‘শ্রম আদালতের বিশেষ কমিটি প্রবিধানমালা ২০১৬’ সংশোধনের প্রস্তাব, চৌকি আদালতে লিগ্যাল এইড কমিটির জন্য ১৯টি খসড়া ফরম অনুমোদনের প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়।
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো. জাফরোল হাছানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
