সাউথইস্ট ইউনিভার্সিটিতে ক্লাস বর্জনে শিক্ষার্থীরা
অপসারিত শিক্ষকদের পুনর্বহাল এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যেতে অটল ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
রোববার বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির বনানী ক্যাম্পাসের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে এই ঘোষণা দেন আন্দোলনরতরা।
২ অক্টোবর থেকে ছয় দফা দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা; যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানটিতে অস্থিরতা চলছে।
শিক্ষার্থীদের মুখপাত্র বিবিএর চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান অনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য অধ্যাপক এএনএম মেশকাতউদ্দিন ‘বিনা নোটিসে ও সুনির্দিষ্ট কারণ ছাড়াই’ দুজন শিক্ষককে বরখাস্ত করেছেন এবং আরও কয়েকজনকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।
অপসারিত শিক্ষকদের মুখপাত্র বিবিএর শিক্ষিক রাবেয়া সুলতানা লতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি প্রায় সাত মাসের সন্তানসম্ভবা। গত মাসের ২৫ তারিখ উপাচার্য অফিস থেকে আমার তলব আসে। দেখা করলে তিনি আমাকে বলেন, আমার সামনে দুটি পথ খোলা আছে, হয় আমি স্বেচ্ছায় চাকরিতে ইস্তফা দেব, নয়ত আমাকে অব্যাহতি দেওয়া হবে। বাধ্য হয়ে আমি সেদিনই চাকরিতে ইস্তফা দিই।”
অপসারণের কারণ জানতে চাইলেও উপাচার্য কোনো ‘সদুত্তর দেননি’ দাবি করে রাবেয়া বলেন, “তিনি বলেন, ‘আপনাকে রেখে কী লাভ? কয়দিন পরই মাতৃত্বকালীন ছুটিতে চলে যাবেন, এরপর সন্তানের অসুস্থতার কথা বলে আরও ছুটি চাইবেন’।”
এই অভিযোগের বিষয়ে কথা বলতে উপাচার্য মেশকাত উদ্দিনের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা চালানো হলেও তাকে পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ২০ জনের বেশি শিক্ষককে চাকরিতে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই সংখ্যা ৭ জন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়টির সহকারী সেকশন অফিসার মোহাম্মদ সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে চৌর্যবৃত্তিসহ বিভিন্ন দুর্নীতির দায়ে দুজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে খারাপ পারফর্মেন্সের জন্য সাতজনকে ইস্তফাপত্র দিতে বলা হয়েছে।”
