সাত কলেজ: শাহবাগে সংঘর্ষের মামলায় প্রতিবেদন পেছাল
পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দিতে আরও সময় পেয়েছে পুলিশ।
রোববার ধার্য দিনে শাহবাগ থানা পুলিশ তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী ৭ নভেম্বর নতুন তারিখ ঠিক করে দেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া ঢাকার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা গত ২০ জুলাই শাহবাগে জড়ো হয়ে পরীক্ষার তারিখ ঘোষণাসহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেন।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরা ওই বিক্ষোভে অংশ নেন।
তাদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ বাধা দেয়, এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। পরে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছাত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের সময় সিদ্দিকুর রহমান নামে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর চোখে মারাত্মক আঘাত লাগে। ভারতে নিয়ে চিকিৎসা করিয়েও তার দৃষ্টি ফেরানো যায়নি।
ঘটনার পরদিন পুলিশের দায়িত্ব পালনে বাধা, পুলিশকে লক্ষ্য করে হামলা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে অজ্ঞাতপরিচয় ১২০০ জনকে আসামি করে শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম এ মামলা করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই মোজাম্মেল হোসেন জানান, এ মামলায় কোনো আসামি গ্রেপ্তার নেই।
