২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তামনির হাতে চতুর্থ অস্ত্রোপচার

‘হেমানজিওমায়’ আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতে চতুর্থ অস্ত্রোপচার ‘সফলভাবে’ শেষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 11:17 AM

Updated : 19 Aug 2022, 05:43 PM

রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সফল অস্ত্রোপচার  হয়েছে। তবে আরও তিন থেকে চারটি অস্ত্রোপচার লাগতে পারে বলে ধারণা করছি আমরা।”

এ আগে ৫ সেপ্টেম্বর মুক্তামনির হাতে তৃতীয় অস্ত্রোপচার হয। আর প্রথম ও দ্বিতীয় অস্ত্রোপচার হয়েছিল ১২ অগাস্ট ও ২৯ অগাস্ট।

হাতে বিকট আকৃতির ফোলা নিয়ে গত ১১ জুলাই ঢাকা মেডিকেলে ভর্তি হয় মুক্তামনি। তার রোগটি ‘হাইপারকেরাটসিস’ বা স্কিন ক্যান্সার হতে পারে বলে প্রথমে ধারণার কথা বলেছিলেন চিকিৎসকরা।

রোগ শনাক্ত করতে গত ৫ অগাস্ট তার হাতের টিস্যু সংগ্রহ করে বায়োপসি করা হয়। পরে ডা. সামন্তলাল সেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড মুক্তামনির রোগটি হেমানজিওমা বলে শনাক্ত করে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, হেমানজিওমা হলো শিশুদের রক্তনারীর মধ্যে টিউমার, যেগুলো সাধারণত ক্যান্সারপ্রবণ হয় না। এরকম টিউমার শিশুদের মধ্যে প্রায়ই দেখা যায়। ত্বকের উপরিভাগে লাল গুটির মত দেখতে এই টিউমার বেশিরভাগ সময় চিকিৎসা ছাড়াই মিশে যায়।

অধিকাংশ শিশুর ক্ষেত্রে এই টিউমার বড় কোনো সমস্যা সৃষ্টি করে না। তবে ফেটে গেলে তা যন্ত্রণাদায়ক হতে পারে; রক্তপাতও হতে পারে।

আবার টিউমারের আকার ও অবস্থানের ওপর নির্ভর করে এটা বিকৃত হয়ে যেতে পারে এবং স্নায়ুতন্ত্র বা মেরুদণ্ডের ওপর হলে জটিলতা বড় হয়ে দেখা দিতে পারে।

ত্বক ছাড়াও যকৃত ও ফুসফুসের মতো অভ্যন্তরীণ অঙ্গেও হেমানজিওমা হতে পারে।

মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন জানান, দেড় বছর বয়সে মুক্তার ডান হাতে একটি ছোট গোটা দেখা দেয়। পরে তা বাড়তে বাড়তে বছর চারেক আগে এমন পর্যায়ে যায় যে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়।

১২ বছরের এই মেয়েটির আক্রান্ত হাতটি ফুলে দেহের চেয়ে ভারি হয়ে উঠলে তার শরীর শুকিয়ে যেতে শুরু করে। ওই হাতের কারণে সে সব সময় যন্ত্রণায় অস্থির থাকত বলে জানান তার বাবা।

পুরনো খবর:

মুক্তামনির প্রথম অস্ত্রোপচার ‘সফল’