২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শওকত ওসমান বারবার স্মরণীয়: ইয়াফেস

সমাজ বাস্তবতায় অসাম্প্রদায়িকতার চর্চা ও রাষ্ট্রের নানা ভুলভ্রান্তির সমালোচনায় কথা সাহিত্যিক শওকত ওসমানকে বারবার স্মরণ করতে হবে বলে মন্তব্য করেছেন তার ছেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 08:48 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

জাতীয় জাদুঘরের আয়োজনে কথা সাহিত্যিক ‘শওকত ওসমান: জীবন ও সাহিত্য’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, “শুধুমাত্র আমাদের প্রয়োজনে নয়, মানুষের স্বার্থেই শওকত ওসমানকে বারবার স্মরণ করতে হবে। তিনি কিভাবে সমাজকে দেখতেন, সাহিত্যের ভেতর দিয়ে মানুষকে দেখতেন, তা আমাদের গভীরভাবে পর্যালোচনা করতে হবে।”

শনিবার বিকালে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল শওকত ওসমানের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক আন্দালীব রাশদী। আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, শওকত ওসমানের ছেলে জাঁ-নেসার ওসমান। জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

ফয়জুল লতিফ চৌধুরী বলেন, “মননশীলতা, দার্শনিকতা, নান্দনিকতায় শওকত ওসমান দেশ ও সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। তার গল্প, উপন্যাসে যে প্রতিবাদী চরিত্রটি দেখতে পাই, তাতে তাকে শুধুমাত্র কথা সাহিত্যিক বললে সুবিচার হবে না।”

বাংলা সাহিত্যে আধুনিককালের মুসলিম সাহিত্যিকদের মধ্যে মৌলিক ও উদ্ভাবনী বৈশিষ্ট্যে শওকত ওসমানকে এগিয়ে রাখেন শামসুজ্জামান খান।

তিনি বলেন, “বাংলা সাহিত্যের ঐতিহ্যের পুননির্মাণে আধুনিকতার পথ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন শওকত ওসমান। আমার দৃষ্টিতে, একালের সবচেয়ে শক্তিশালী শিশু সাহিত্যিকও তিনি। বেঁচে থাকলে তিনি যুক্তিবাদী চিন্তা চেতনায় তরুণ প্রজন্মকে শুদ্ধ সংস্কৃতির পথে এগিয়ে নিতেন।”

হাশেম খান বলেন, “৬৯-এর গণঅভ্যুত্থানের সময় শওকত ওসমান পাকিস্তানি সামরিকজান্তার বিরুদ্ধে বেশকিছু তীব্র ব্যঙ্গাত্মক ছড়া লিখেছিলেন, সেগুলো আমাদের প্রতিবাদী পথ দেখিয়েছিল। এই শওকত ওসমানের মতো আমাদের যারা আলোর পথ দেখিয়েছেন, তাদের স্মৃতি আমাদের ধরে রাখতে হবে।”

আলোচনা শেষে শওকত ওসমানের স্মৃতি-নিদর্শন প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে স্থান পেয়েছে শওকত ওসমানের পোশাক, জন্মদিনের অভিনন্দন পত্র, চিঠি, প্রকাশিত বইয়ের প্রথম সংস্করণের কপি, বইয়ের পাণ্ডুলিপি, বিভিন্ন সময়ের আলোকচিত্রসহ লেখকের শেষ জীবনের অসুস্থ হওয়ার পরে হাসপাতালে ভর্তি হওয়ার মানি রশিদ এবং প্রেসকিপশনও।

প্রদর্শনীটি আগামী ৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।