২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে দুই দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেন ও কানাডার দূত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 06:08 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

বৃহস্পতিবার সুইডিশ রাষ্ট্রদূত শার্লোটা স্লাইটার এবং কানাডার হাই কমিশনার বেনয়েত প্রিফন্টেইন পৃথকভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুইডেনের রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-সিডা বাংলাদেশের উন্নয়নে ইতিবাচক অবদান অবদান রাখছে।”

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

প্রেস সচিব জানান, সুইডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দ্বিপক্ষীয় সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন এর ফলে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। তিনি দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে উচ্চ পর্যায়ের সরকারি-বেসরকারি সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। তার দায়িত্ব পালনকালে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা করেন রাষ্ট্রদূত। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন বলেও জানান প্রেস সচিব।।

পরে কানাডার হাই কমিশনার পরিচয়পত্র পেশ করেন।

এসময় রাষ্ট্রপতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কানাডার সহযোগিতার উল্লেখ করে বলেন, কানাডা বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে কানাডা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

প্রেস সচিব বলেন, “কানাডায় বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার থাকায় ইতিমধ্যে দেশটি বাংলাদেশের রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য স্থলে পরিণত হয়েছে।”

রাষ্ট্রপতি বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক পণ্য, পাট ও পাটজাত পণ্যের উল্লেখ করে উল্লেখ করে বলেন, বাংলাদেশি এসব আন্তর্জাতিকমানের পণ্য কানাডায় রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি নতুন হাই কমিশনারকে এসব পণ্য তার দেশে নেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আবদুল হামিদ রোহিঙ্গা ইস্যুতে কানাডার ভূমিকা প্রশংসা করেন এবং বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য কানাডার সরকার ও জনগনের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় নতুন হাই কমিশনার বলেন, বাংলাদেশ ইতিমধ্যে কানাডার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। কানাডার অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করছে; আরও প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে সর্বাত্মক প্রয়াস চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে দুই দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদেরকে গার্ড অব অনার দেয়।