জিয়া ট্রাস্ট মামলায় জেরার মধ্যেই আইনজীবীর মৃত্যু
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলাকালে এক সাক্ষীকে জেরা করার সময় অসুস্থ হয়ে আসামিপক্ষের একজন আইনজীবীর মৃত্যু হয়েছে।
অ্যাডভোকেট টি এম আকবর ঢাকা আইনজীবী সমিতির একজন সাবেক সভাপতি। সহকর্মীদের তথ্য অনুযায়ী, তার বয়স হয়েছিল ৯০ বছরের বেশি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা এই মামলার অন্যতম আসামি মনিরুল ইসলাম খানের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আকবর।
আইনজীবীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার শুনানি চলাকালে অ্যাডভোকেট আকবর সংজ্ঞা হারান।
খালেদা জিয়ার অন্যতম আইনজীবী নুরুজ্জামান তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলে দ্রুত তাকে বারডেম হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।”
তপন বলেন, নিম্ন আদালতে ফৌজদারি মামলায় অভিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী টি এম আকবরের বয়স হয়েছিল ৯০ এর বেশি।
দুপুরে এ ঘটনার পর জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি মুলতবি হয়ে যায়। বিচারক মো. আখতারুজ্জামান আগামী ১২ অক্টোবরে শুনানির তারিখ ঠিক করে দেন।
একই দিনে এ আদালতে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলারও শুনানি হবে।
ঢাকা বারের সাবেক সভাপতি টিএম আকবর একুশে অগাস্ট গ্রেনেড মামলায় লুৎফুজ্জামান বাবর এবং আইনশৃঙ্খলা বাহিনীর তিন কর্মকর্তার পক্ষে মামলা পরিচালনা করছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলাতেও তিনি এক আসামির আইনজীবী ছিলেন।
