২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে; আর বাসের ধাক্কায় মারা গেছেন আরেক ব্যক্তি। 

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 08:22 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

কমলাপুর রেলওয়ে থানা পুলিশের এএসআই রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা আড়াইটার দিকে বানানী সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইনে মমিনুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।

রেললাইনের পাশের বস্তিতে বসবাস করা মমিনুল কিভাবে ট্রেনে কাটা পড়েছেন তা জানাতে পারেননি এএসআই রবিউল।

পরিবারের সঙ্গে মমিনুলের যোগাযোগ ছিলনা জানিয়ে তিনি বলেন, “সে কখনো পিঠা বিক্রি করত, কখনো হোটেলে কাজ করত।”

মমিনুলের ভাই পুলিশের এএসআই রহমত আলী জানান, তারা তিন ভাই তিন বোন। বাবা-মা অনেক আগেই মারা গেছ্নে। তার এই ভাই অনেক আগে কুমিল্লার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানা এলাকার কাউলায় সড়ক দুর্ঘটনায় কিতাবউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি মারা যান।

বিমানবন্দর থানার এসআই মামুনুর রহমান জানান, কাউলা বাস স্ট্যান্ডে একটি বাসে ওঠার সময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন কিতাবউদ্দিন।

“কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিতাবউদ্দিন মারা গেছেন বলে জানান চিকিৎসক।”

চালকসহ বাসটি আটক আটক করা হয়েছে।

কিতাবউদ্দিন এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড নামের একটি বিজ্ঞাপনী সংস্থায় প্রশাসন বিভাগে কাজ করতে বলে জানিয়েছেন তার ভাই মো. সেলিম।

“সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দুর্ঘটনায় পড়েন আমার ভাই।”

কিতাবউদ্দিনের এক ছেলে ও এক মেয়ে আছে বলে জানান সেলিম।