২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে মালির ফোর্স কমান্ডারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালিতে পরিচালিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জাঁ পল ডেকোনিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 07:33 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

সোমবার বিকালে ‘মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি’র (এমআইএনইউএসএমএ) ফোর্স কমান্ডার বঙ্গভবনে যান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে।”

বাংলাদেশি শান্তিরক্ষীরা এরইমধ্যে দৃষ্টান্ত রেখেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “দেশ-বিদেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণের জন্য পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেইনিং (বিপসট) বর্তমানে ‘সেন্টার অব এক্সিলেন্স’।”

বাংলাদেশে ডেকোনিকের সফর শান্তিরক্ষীদের কাজে উৎসাহ যোগাবে উল্লেখ করে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বলেন, “এর ফলে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ক আর্রও শক্তিশালী হবে।”

সাক্ষাতে ডেকোনিক বলেন, মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ কাজ করছে। তিনি আশা করেন, ভবিষ্যতেও তারা আরও কার্যকরভাবে তাদের দায়িত্ব পালন করবে।