রোহিঙ্গা শিশুদের জন্য ১৩০০ শিক্ষাকেন্দ্র ইউনিসেফের
মিয়ানমারে দমন-পীড়নের মুখে পালিয়ে আসা শরণার্থী রোহিঙ্গা শিশুদের জন্য বাংলাদেশে আরও এক হাজার ৩০০টি শিক্ষাকেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছে ইউনিসেফ।
শিশুদের নিয়ে কাজ করা জাতিসংঘের এ সংস্থার শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ সিদ্ধান্তের কথা জানায়।
এতে বলা হয়, ইউনিসেফ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও অস্থায়ী বসতিগুলোয় বর্তমানে ১৮২টি শিক্ষাকেন্দ্র পরিচালনা করছে, যাতে ১৫ হাজার শিশু নিবন্ধিত রয়েছে।
সম্প্রতি রাখাইনে সেনা অভিযান শুরুর পর দীর্ঘদিন ধরে চার লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করা বাংলাদেশে নতুন করে অন্তত পাঁচ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। এর মধ্যে একটা বড় অংশই শিশু।
“এখন তাদের জন্য সবচেয়ে বেশি দরকারি স্বাভাবিক পরিবেশের বোধই শুধু নয়, তারা যেন সামনের দিকে তাকিয়ে ভবিষ্যৎ নির্মাণ করতে পারে সেই সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ।”
তিন শিফটে চলবে প্রত্যেকটি শিক্ষাকেন্দ্র; যার প্রতি শিফটে ৩৫ জন করে শিশুকে পাঠদান করা হবে।
শিক্ষাকেন্দ্রে আসা শিশুদের বই, খাতা-কলম, রঙিন পেন্সিল ও স্কুল ব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করবে ইউনিসেফ।
