২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবমীতে ‘অসাম্প্রদায়িক বাংলাদেশের’ প্রার্থনা

ভোর হতেই ঝুম বৃষ্টি, সেই বৃষ্টির বাধা উপেক্ষা করে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 05:15 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

শুক্রবার দুর্গোৎসবের তৃতীয় দিন মহানবমী তিথি; এদিন ষোড়শ উপচারে দেবীর বন্দনা ও মহাস্নান-যজ্ঞ, আর সন্ধ্যায় আরতি বন্দনায় ‘আনন্দময়ী’র অর্চনা করছেন তারা।

দেবী দুর্গা চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করে ভক্তরা শপথ নিয়েছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পথে তারা জোর পদক্ষেপ নেবেন।

প্রায় হাঁটুপানি ডিঙিয়ে আসতে হচ্ছিল সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। পূজার আনুষ্ঠানিকতা শুরু হতেই মন্দির ভক্তদের আনাগোণায় পরিপূর্ণ। ফুল, ফল, জলসহ নানা উপচারে দুর্গা দেবীর চরণে অঞ্জলি প্রদান করে তারা প্রার্থনা করেছেন দেশের কল্যাণের জন্য।

এই মন্দিরে পূজা করতে আসা লোরা বিশ্বাস বলেন, “নিজের জন্য প্রার্থনা করছি, পাশাপাশি চাইব এ দেশে যেন কোনো অন্যায়-অত্যাচার না হয়। সবচেয়ে বেশি করে চাইব, এ দেশ থেকে সাম্প্রদায়িকতা যেন তিরোহিত হয়। ধর্মের নামে কোনো হত্যা বা অনাচার যেন না হয়।”

দুর্গোৎসবের আগে দেশের বিভিন্ন প্রান্তে পূজামণ্ডপে প্রতিমা ভাংচুরের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ করেছিলেন পূজা উদযাপন পরিষদ ও হিন্দু মহাজোটের নেতারা। সাম্প্রদায়িক উসকানির পেছনে ধর্মভিত্তিক সংগঠনগুলোর ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেন তারা।

পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু বলেন, “বাংলাদেশ কোনো বিশেষ ধর্মের নয়, বাংলাদেশ সবার। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম সবার। এই উৎসবে আমরা সব ধর্মের মানুষের সহযোগিতা পাই। গুটিকয়েক বিপথগামী অসাম্প্রদায়িক বাংলাদেশের চরিত্রে কলঙ্ক লেপন করতে চায়, তাদের উদ্দেশ্য কখনও সফল হবে না।”

এবারের শারদীয় দুর্গোৎসব ‘অসাম্প্রদায়িকতার এক নতুন বার্তা’ দিয়ে গেছে বলে মন্তব্য করেন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জি।

তিনি বলেন, “দুর্গোৎসবের আচার অনু্ষ্ঠান শুধু আমাদের, কিন্তু উৎসব সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মন্দিরে আসছেন। উৎসবে সামিল হয়ে সবাই এক হয়ে আনন্দ করছেন। এই অসাম্প্রদায়িকতার চিত্রটিই তো বাংলাদেশকে তুলে ধরে।”

প্রার্থনা ছিল কক্সবাজার, বান্দরবানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্যও। ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিটের দক্ষিণ মৈশুণ্ডি পূজা কমিটির সভাপতি প্রশান্ত বণিক চৌধুরী জানান, পূজার মূল প্রার্থনা শেষে তারা মিয়ানমারের হতভাগ্য নাগরিকদের জন্যও প্রার্থনা করেছেন।

মহানবমীর পূজা সম্পর্কে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা কমিটির প্রধান পুরোহিত স্বপন কুমার গাঙ্গুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আমরা দেবীকে ষোড়শ উপচারে বন্দনা করছি। তারপর মহাস্নান। দেবী আর মাত্র একদিন থাকবেন মর্ত্যে। মায়ের কাছে আমরা প্রার্থনা করছি, ধরায় যেন সর্বদা শান্তি বিরাজ করে। কোথাও যেন কোনো দ্বন্দ্ব-সংঘাত না বাধে।”

পরে তিনি মার্কণ্ডেয়, স্কন্দ, বরাহ, নারদসহ ছয়টি পুরাণ থেকে মহাযজ্ঞানুষ্ঠানের ব্যাখ্যা শুনিয়ে বলেন, “আসুরিক রিপু বা প্রবৃত্তি তিরোহিত হয়ে সকলে যেন এক সত্যনিষ্ঠ জীবনযাপন করতে পারেন, যজ্ঞানুষ্ঠানে আজ আমরা সেই প্রার্থনা করছি।”

শাস্ত্র বলছে, সপ্তমী, অর্থাৎ দেবীর আগমনের দিন বুধবার এবং ফেরার দিন শনিবার হওয়ায় দুর্গা এবার আসছেন নৌকায় চড়ে, যাবেন ঘোড়ায়।

দুর্গার নৌকায় চড়ে মর্ত্যে আসার অর্থ হল- ‘শস্যবৃদ্ধিস্তুথাজলম’। অর্থাৎ শস্যবৃদ্ধির সম্ভাবনা। আর ঘোড়ায় চেপে দেবীর বিদায়ের মানে হল- ‘ছত্রভঙ্গস্তুরঙ্গমে’; মানে রাজনৈতিক উত্থান-পতন, সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অপমৃত্যুর শঙ্কা।

রাধিকা মোহন বসাক লেনের সার্বজনীন দুর্গা কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মায়ের গমন ঘোটকে, মানেই সমূহ বিপদ। আমরা আজ মায়ের কাছে সমবেতভাবে প্রার্থনা করছি, মা যেন এই শঙ্কা, বিপদ থেকে আমাদের সর্বদা উদ্ধার করেন। 

“মা স্বয়ং বিপদনাশিনী। আর মাত্র একটি দিন মা থাকবেন মর্ত্যে। আজ মাকে বলব, মা যেন কৈলাসে যাওয়ার আগে মর্ত্যবাসীকে রাঙিয়ে দিয়ে যান।”

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত রঞ্জিৎ চক্রবর্তী বলেন, “মা আজ বাদে কাল চলে যাবেন। মায়ের কাছে আজ সবাই প্রার্থনা করেছি, মা যেন আমাদের মনের ভেতর বাস করা অসুরকে বধ করে সেখানে সুরশক্তি প্রতিষ্ঠা করেন।

“দুর্গোৎসব শেষে মা চলে গেলেও যেন তার আশির্বাদ সবসময় আমাদের ওপর থাকে।”

তিনি জানান, শুক্রবার রাত ৮টা থেকে নগরীর প্রতিটি মন্দিরে শুরু হবে আরতি বন্দনা, হবে প্রতিযোগিতা।

শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হবে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। শনিবার সকালে দর্পন বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের সব আনুষ্ঠানিকতা। দুপুর ১২টায় মণ্ডপে মণ্ডপে হবে সিঁদুর খেলা।

বিকাল ৩টায় শোভাযাত্রা সহকারে নগরীর প্রতিমাগুলো যাবে বুড়িগঙ্গার ওয়াইজঘাটে। এছাড়াও নগরীর তুরাগ, শীতলক্ষ্যা ,বালু নদীতেও প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

বিসর্জন উপলক্ষে প্রতিটি ঘাটে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জা থাকার কথা জানিয়েছেন মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়।