ঢাবিতে গবেষণায় ‘চৌর্যবৃত্তি’ তদন্তে দুই কমিটি
পাঁচ শিক্ষকের বিরুদ্ধে গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ তিন অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় মঙ্গলবার রাতে কমিটি দুটি করা হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্যরা।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদকে প্রধান করে এই দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানতে চাইলে আরেক সিন্ডিকেট সদস্য নীলিমা আকতার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান ও ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজানের যৌথ গবেষণা প্রবন্ধের বিষয়ে অভিযোগ তদন্তে একটি কমিটি করা হয়েছে। বিদেশি একটি জার্নালের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই অভিযোগ আসে।
“ওই জার্নালের অভিযোগ, তাদের প্রবন্ধের পৃষ্ঠার পর পৃষ্ঠা কপি করা হয়েছে ওই দুই শিক্ষকের গবেষণা প্রবন্ধে। তদন্ত কমিটি এটা খতিয়ে দেখবে।”
সামিয়া রহমান (ফেইসবুক থেকে নেওয়া ছবি)
সৈয়দ মাহফুজুল হক মারজান (ফেইসবুক থেকে নেওয়া ছবি)
বেসরকারি টেলিভিশনে পূর্ণকালীন চাকরি করে আসা সামিয়া রহমান বর্তমানে নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স। এর আগে তিনি একাত্তর টিভি, এনটিভি ও একুশে টিভিতে কাজ করেন।
সাংবাদিকতার ছাত্র মারজানও একাত্তর টিভিতে কাজ করেছেন।
দ্বিতীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক রুহুল আমিন ও নুসরাত জাহান এবং বদরুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির দুটি অভিযোগ খতিয়ে দেখার জন্য।
সিন্ডিকেট সদস্য নীলিমা আকতার বলেন, “সিনিয়র একজন শিক্ষক উপাচার্যকে চিঠি দিয়ে রুহুল আমিন ও নুসরাত জাহানের প্রকাশিত প্রবন্ধগুলোর মধ্যে মিল খুঁজে পাওয়ার অভিযোগ করেন। সেখানে একটি বিষয় নিয়ে কয়েকটি প্রবন্ধ করা হয়েছে। সেটি একটি অভিযোগ।
“পরে বদরুজ্জামানের বিরুদ্ধে পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির অভিযোগ করেন নুসরাত জাহান।”
এই দুটি পৃথক অভিযোগের তদন্ত একটি কমিটি করবে বলে জানান এই সিন্ডিকেট সদস্য।
