স্ত্রী বিটিআরসিতে, স্বামী আন্তর্জাতিক সিম ব্যবসায়
বিটিআরসির একজন কর্মকর্তার স্বামী আন্তর্জাতিক মোবাইল সিম, রিম ও ডেটা কার্ড বিক্রিকারী প্রতিষ্ঠান খুলেছেন, যাতে স্বার্থের সংঘাত ঘটেছে বলে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে টেলিযোগাযোগ বিভাগ।
আন্তর্জাতিক মোবাইল সিম/রিম/ডেটা কার্ড বিক্রিকারী প্রতিষ্ঠানগুলোর নীতিমালা ভঙ্গের অভিযোগ তদন্তে সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে যে চিঠি দেওয়া হয়, তাতে ওই নির্দেশনা দেওয়া হয়।
গত ৭ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে বলা হয়, “বিটিআরসির একজন কর্মকর্তার স্বামী ছয়টির মধ্যে একটির লাইসেন্সপ্রাপ্ত কোম্পানির সত্ত্বাধিকারী। ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ এর কারণে ওই কর্মকর্তাকে শো কজ করা হোক এবং উত্তর মন্ত্রণালয়ে প্রেরণের পর উত্তর সন্তোষজনক না হলে চাকরিচ্যুত করা হবে।”
বিটিআরসিতে খোঁজ নিয়ে জানা যায়, জ্যেষ্ঠ সহকারী পরিচালক (ইএন্ডও) শারমিন সুলতানার স্বামী নিজাম মোহাম্মদ উদ্দিন ‘ফোর ডিএল বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক।
বিষয়টি নিয়ে শারমিন সুলতানার সঙ্গে কথা বলতে তার ফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিটিআরসি এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শারমিন সরকারি সফরে এখন ইন্দোনেশিয়া রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “বিটিআরসি কর্মকর্তার স্বামী এ ব্যবসার সাথে থাকায় আইন লঙ্ঘন হয়েছে কি না, সে বিষয়টি দেখা হচ্ছে এবং সে অনুযায়ী শোকজ করা হবে।”
অনিয়মের অভিযোগ তদন্ত শুরু
আন্তর্জাতিক মোবাইল সিম বা রিম বা ডাটা কার্ড বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর নীতিমালা ভঙ্গের অভিযোগে তদন্তেও নেমেছে বিটিআরসি।
কর্মকর্তারা জানান, আটটি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হচ্ছে, তারা কাদের কাছে সিম বিক্রি করেছে তার তালিকা চাওয়া হয়েছে।
বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে ৬টি প্রতিষ্ঠানের কথা বলা হলেও বিটিআরসি এ পর্যন্ত আটটি প্রতিষ্ঠানকে ‘এনওসি’ দিয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ইউজিআই ট্রেড কোং, ইন্ট্রাকো লিমিটেড, উইংস ট্যুর এন্ড ট্রাভেল্স, হ্যালো টেলিকম, সঞ্চিতা এন্টারপ্রাইজ, ওকে মোবাইল, এমএস বিজয় বাংলাদেশ টেলিকম এবং ফোর ডিএল বাংলাদেশ লিমিটেড।
আন্তর্জাতিক মোবাইল সিম বা রিম ও ডেটা কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠানের নীতিমালা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তাদের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ
গত ৭ সেপ্টেম্বর টেলিযোগযোগ বিভাগে অনুষ্ঠিত সভায় কার্যবিবরণীতে দেখা যায়, নিরাপত্তা বিষয়ক ওই সভায় ন্যাশনাল টেলিকমিনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এই বিষয়টি তোলেন।
“তিনি বলেন, এনটিএমসি বিশ্বস্ত সূত্র ও নজরদারির মাধ্যমে নিশ্চিত হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে কিছু সংখ্যক লাইসেন্সধারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক সিম বা রিম বা ডেটা কার্ড বিক্রয়ের ক্ষেত্রে নীতিমালা ভঙ্গ করছে, যা বিটিআরসির নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।”
নিয়ম অনুযায়ী, এসব সিম দেশের বাইরে গিয়ে ব্যবহারের কথা থাকলেও নিয়মভঙ্গ করে দেশে এই সিম দিয়ে গ্রাহকরা যোগাযোগ করছে বলে এনটিএমসি দেখতে পায়।
ব্রিগেডিয়ার জিয়াউল আহসান সভায় বলেন, অনিবন্ধিত ও রোমিং সার্ভিস এনাবেল্ড এ সব আন্তর্জাতিক সিম/রিম বা ডেটা কার্ড ব্যবহারের ফলে ব্যবহারকারীর পরিচয় সঠিক নিশ্চিত করা যেমন সম্ভব হচ্ছে না। একই সঙ্গে ভয়েস কল কোন ভৌগলিক স্থান থেকে করা হচ্ছে বা কোন অবস্থান থেকে রিসিভ করা হচ্ছে, তার সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভবপর হচ্ছে না।
ধর্ম মন্ত্রণালয়ের রিকুইজিশনের ভিত্তিতে হজযাত্রীদের এ ধরনের সিম দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে বিটিআরসি’র পক্ষ থেকে সভায় জানানো হয়।
এই সভা থেকে চারটি সিদ্ধান্ত বিটিআরসিকে জানানো হয়, সাত দিনের মধ্যে বিটিআরসি এ বিষয়ে এনটিএমসি’র সঙ্গে বৈঠক করবে। এছাড়া বিটিআরসি যে কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়েছে তারা কাদের কাছে সিম বিক্রি করেছে এ সংক্রান্ত একটি তালিকা সংগ্রহ করতে হবে।
