গণমাধ্যম কর্মীরা শুধু সমালোচনা করেন: ইনু
গণমাধ্যম কর্মীরা তথ্য অধিকার আইন কাজে না লাগিয়ে কেবল সরকারের সমালোচনা করেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “জনগণের পক্ষ হয়ে, সচেতন অংশ হিসেবে গণমাধ্যম কর্মীরা এই আইনটি কাজে লাগাতে পারত।
“যদিও আইনটি কাজে লাগানোর জন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তথ্য কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।”
গণমাধ্যমের ঝোঁক কেবল কথা বলা, সমালোচনা করা ও পরামর্শ দেওয়ার দিকে উল্লেখ করে তিনি বলেন, “আইনটা কাজে লাগানোর জন্য যে দক্ষতা দরকার, সে দিকে তাদের কোনো ঝোঁকই নেই। সুতরাং তারা সমালোচনা করেই খালাস।”
“তথ্য অধিকার আইন করা হয়েছে ক্ষমতাবান সরকারি-বেসরকারি লোকদের জনগণের কাছে জবাবদিহি করানোর জন্য, স্বচ্ছ রাখার জন্য। কিন্তু তারা নিজে উদ্যোগী হয়ে এগুলো করে না। ফলে এই আইনের মাধ্যমে তাদের ধমক দেওয়া হয় যে, তুমি কিন্তু তথ্য দিতে বাধ্য। কাজেই আইনটিকে সঠিকভাবে প্রয়োগ করে সুশাসন রক্ষা করা সম্ভব।”
তথ্য অধিকার আইন ও সরকারের ২৫ হাজার পোর্টাল কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত সুশাসন ও টেকসই উন্নয়নের সমাজ গড়তে গণমাধ্যম কর্মী ও জনগণকে আহ্বান জানান তিনি।
দুপুরে আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯টায় তথ্য কমিশনের আয়োজনে জাতীয় প্রেস ক্লাব থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হাসানুল হক ইনু শোভাযাত্রার উদ্বোধন করেন।
এসময় প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান ও তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন ।
