পল্লী বিদ্যুতের মিটার রিডিং নিয়ে ক্ষোভ, দাম না বাড়ানোর দাবি
নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে পল্লী বিদ্যুতের বিল পরিশোধে অব্যবস্থাপনা, মিটার রিডিং ও লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা।
বুধবার টিসিবি ভবনে আয়োজিত তৃতীয় দিনের মতো এই গণশুনানিতে বিগত বছরে ঘাটতি দেখিয়ে তা মেটাতে বিদ্যুতের ট্যারিফ ১০ দশমিক ৭৫ শতাংশ বা ইউনিট প্রতি ৬৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে প্রতি ইউনিটে ৪৪ পয়সা বা ৭ দশমিক ১৯ শতাংশ বাড়ানো যেতে পারে বলে মত দেয়।
তবে ভোক্তরা এর তীব্র বিরোধিতা করেন, আরইবির সিস্টেম লস ও বিদ্যুৎ চুরি বন্ধ করাসহ অন্যান্য আনুসাঙ্গিক ব্যয় কমিয়ে আয়-ব্যয় সমন্বয়ের কথা বলেন।
আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন প্রস্তাবনায় ট্যারিফ বৃদ্ধির যৌক্তিকতা হিসাবে জনবল খরচ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়নের খরচ বৃদ্ধি, অতিরিক্ত অবচয় খরচ, পরিচালন ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কথা তুলে ধরেন।
প্রস্তাবনায় বলা হয়, বিদ্যমান খুচরা ট্যারিফ প্রতি ইউনিট ৬ দশমিক ০৫ টাকা হলেও ২০১৬-১৭ অর্থবছরে নীট খুচরা সরবরাহ ব্যয় হয়েছে ইউনিট প্রতি ৬ দশমিক ৭ টাকা। ফলে ইউনিট প্রতি ঘাটতি পড়ছে ৬৫ পয়সা।
পল্লী বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ বলেন, পল্লী বিদ্যুতের গ্রাহকের ব্যাপ্তি অনেক বেশি। বিদ্যুতের মূল্যহার বাড়ালে তা সারা দেশের প্রান্তিক মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
“এবার দয়া করে পল্লী বিদ্যুতের ট্যারিফ বাড়াবেন না।”
শুনানিতে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে মিটার না দেখে ধারণার ওপর ভিত্তি করে মাসিক বিল তৈরি করার অনেক অভিযোগ শোনা যায়। মিটার রিডারদের ভুল ও হেয়ালিপনার খেসারত দিচ্ছে ভোক্তারা। এছাড়া আরইবির ট্রান্সফরমারগুলোও গ্রাহক ভোগান্তির আরেক কারণ। এগুলো সঠিক মান না থাকায় প্রায় সময় নষ্ট হয়ে বিদ্যুৎহীনতা সৃষ্টি করে।
“আগে দেওয়া হত শুধু খাম্বা, এখন খাম্বার সঙ্গে তার দেওয়া হয় ঠিকই, কিন্তু সেই তারে আর বিদ্যুৎ আসে না।”
পল্লী বিদ্যুতের দাম না বাড়াতে কমিশনের প্রতি জোর দাবি জানান তিনি।
গাইবান্ধা ভোক্তা মঞ্চের সভাপতি শাহ মুশফিকুর রহমান মিলন বলেন, পল্লী বিদ্যুৎ কর্মীদের মিটার টেম্পারিং, গ্রাহক হয়রানিসহ অনেক অনিয়মের প্রমাণ রয়েছে তার কাছে।
তিনি বলেন, এক গ্রাহকের নিয়মিত বিল সাড়ে তিনশ থেকে সাড়ে চারশ টাকা হলেও এক মাসে সেই বিল হয়ে যায় ১৮ হাজার। এ নিয়ে অনেক দেন দরবারের পর বিষয়টির সুরাহা হয়।
গ্রাহক ভোগান্তি নিয়ে তিনি বলেন, একবার ভুল বিল হলে তা আর সংশোধন হয় না। পরবর্তী মাসে সমন্বয় করা হবে বলা হলেও অনেক সময় তাও হয় না।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “মিটার টেম্পারিং ও কারিগরি সমস্যার কারণে পল্লী বিদ্যুতের গ্রাহকদের প্রায়ই ভোগান্তির মুখে পড়তে হয়। অভিযোগ করে এসব সমস্যার উত্তরণ বেশ সময়সাপেক্ষ।”
সিস্টেম লসের কারণেও পল্লী বিদ্যুতের যে লোকসান হয়, তা কমালে ব্যয়ও অনেক কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।
জবাবে আরইবির চেয়ারম্যান বলেন, বিগত ছয় বছরে সিস্টেম লস চার শতাংশ কমেছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএর সহ-সভাপতি মো. আলী খোকন বলেন, যে কোনো প্রতিষ্ঠানে দুর্নীতির সুযোগ থাকলে কর্মকর্তারা দুর্নীতি করার সাহস পায়। কিন্তু এই সুযোগ বন্ধ করা হলে দুর্নীতি হবে না।
মিটার টেম্পারিং দূর করতে সর্বত্র প্রি-প্রেইড মিটার চালুর প্রস্তাব দেন তিনি।
