২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকার আইনের আওতা বাড়ানোর সুপারিশ

তথ্য অধিকার আইনের বাইরে থাকা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে এর অধীনে আনার সুপারিশ করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 09:12 PM

Updated : 19 Aug 2022, 05:38 PM

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসের আগের দিন বুধবার এক আলোটচনা অনুষ্ঠানে তিনি বেসরকারি হাসপাতাল, ব্যাংক, কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার কথা বলেন।

গোলাম রহমান বলেন, “যে প্রতিষ্ঠানগুলো সরকারি-বেসরকারি নয়, স্বায়ত্তশাসিতও নয়; লাইসেন্স নিয়ে বা অ্যাক্রেটিডেশন নিয়ে কাজ করে;

“যেমন ধরা যাক, প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ব্যাংক- এ ধরনের অর্গানাইজেশন আছে- সেগুলো এখন পর্যন্ত এই আইনের আওতায় আসেনি।”

এগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনা হলে জনগণের সুবিধা বাড়ার পাশাপাশি আইনটিও আরও কার্যকর হবে বলে মনে করেন তিনি।

রাজধানীর ডেইলি স্টার ভবনে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের ব্যবহার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার।

গোপনীয়তার সংস্কৃতি থেকে বেরিয়ে তথ্য দেওয়া ও নেওয়ার সংস্কৃতি গড়ে তোলার উপর জোর দেন তিনি। এক্ষেত্রে বাংলাদেশে অগ্রগতির পর্যবেক্ষণও তুলে ধরেন তিনি।

গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক গোলাম রহমান সাংবাদিকদের এই আইনটি কাজে লাগিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির উপর জোর দেন।  

অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন ব্যবহারের পথে প্রতিবেদককে সময় ও সুযোগ না দেওয়ার পাশাপাশি তাদের ধৈর্য্য ও মনোবলের ঘাটতিকে প্রতিবন্ধকতা হিসাবে চিহ্নিত করেন সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার।

তিনি বলেন, “তথ্য অধিকার আইনের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কতটুকু কার্যকর হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন আছে। অনুসন্ধানী সাংবাদিকতায় পত্রিকা অফিস বেশি সময় দিতে পারে না। অনেক ক্ষেত্রে একজন সাংবাদিককে তিনটা থেকে চারটা বিট চাপিয়ে দেওয়া হয়।

“অনুসন্ধানী সাংবাদিকতায় ধৈর্য ও সময়ের প্রয়োজন। সাংবাদিকরা ধৈর্য ধরেন না, আবার অনুসন্ধানী সাংবাদিকতায় মন মেজাজও থাকে না। কোনো উৎস থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতেই সংবাদ করে। তথ্যের সঙ্গে জড়িতদের সঙ্গেও কথা বলে না।”

অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন ব্যবহারকে উৎসাহিত করতে ‘ইন হাউস ট্রেইনিংয়ের’ উপরও জোর দেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম অনুসন্ধানী সাংবাদিকতায় সাংবাদিকদের আগ্রহী করতে প্রত্যেক অফিসে ‘তথ্য অধিকার সেল’ গঠনের পরামর্শ দেন।

একাত্তর টেলিভিশনের নিউজ অ্যান্ড কারেন্ট এফেয়ার্স বিভাগের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় সেমনিারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান টাইমসের দক্ষিণ এশিয়ার সম্পাদক সৈকত দত্ত ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

প্রেস কাউন্সিলের চেয়্যারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান, মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, ডেইলি স্টারের অ্যাসাইনমেন্ট এডিটর রিয়াজ আহমেদ, নিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, প্রথম আলোর প্রধান প্রতিবেদক টিপু সুলতান বক্তব্য দেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।