অনৈতিক আর্থিক সুবিধা নেওয়ায় দুদক কর্মী বরখাস্ত
দুর্নীতির অভিযোগ থেকে বাঁচিয়ে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান অফিস সহকারী মো. মাহবুব উল্লাহর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্নীতির অভিযোগ থাকা এমন এক ব্যক্তিকে অব্যাহতির দেওয়ার কথা বলে মাহবুব উল্লাহ ফোন করে তার কাছে টাকা দাবি করেন এবং কিছু টাকা গ্রহণও করেন।
“মাহবুব উল্লাহ নিজেকে কমিশনের তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অবৈধ সুযোগ নিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন।”
এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় জানিয়ে দুদক কর্মকর্তা প্রণব বলেন, “তার বিরুদ্ধে সব অভিযোগ পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।”
