ওপারে ধোঁয়ার কুণ্ডলী, এপারে নতুন বস্তি
মিয়ানমারে দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা কক্সবাজারের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় গড়ে তুলছে হাজার হাজার ঝুপড়ি ঘর।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কর্মকর্তাদের হিসাবে, রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর পর গত এগারো দিনে ৮৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। অবশ্য এই সংখ্যা কয়েক গুণ বেশি বেলে স্থানীয়দের ধারণা।
তারা বলছেন, প্রথম দিকে রোহিঙ্গাদের প্রবেশে বাধা দেওয়া হলেও বিজিবি এখন অঘোষিতভাবে সীমান্ত খুলে দিয়েছে। গত দুই দিনে কাউকে ফেরত পাঠানোর কথাও সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি।
রাখাইনে সব হারিয়ে যারা বাংলাদেশে ঢুকেছেন, আরও বহু মানুষের পেছনে আসছে বলে জানাচ্ছেন তারা। রোহিঙ্গা মুসলমান ছাড়াও রাখাইনের হিন্দুরা আছেন তাদের মধ্যে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোহিঙ্গাদের এই ঢলের মধ্যেই সোমবার নাইক্ষ্যংছড়ির তুমব্রু বাজারের উল্টো দিকে সীমান্তের মিয়ানমারের অংশের কাঁটাতারের বেড়ার কাছে বড় দুটো বিস্ফোরণ ঘটেছে; শোনা গেছে গুলির শব্দ।
বালুখালী এলাকার বাসিন্দা আবদুল গফুর জানান, বেলা ১১টা থেকে সীমান্তের খুব কাছে কয়েক কিলোমিটার এলাকায় দিগন্তে সারা দিন উড়তে দেখা গেছে ঘন-কালো ধোঁয়া। সেখানে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে রোহিঙ্গাদের তথ্য।
এদিকে উখিয়ার কুতুপালং, বালুখালী এবং টেকনাফের লেদা ও শাপলাপুরে আশ্রয় না পেয়ে উখিয়ার কুতুপালং থেকে শুরু করে থাইংখালী পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার থেকে চলছে রোহিঙ্গাদের বসতি গড়ার হিড়িক।
ওই ইউনিয়নের উনচিপ্রং এর পশ্চিমের পাহাড়ে রইক্ষ্যং এলাকায় গড়ে উঠেছে নতুন এক রোহিঙ্গা বস্তি। সেখানে পঞ্চাশ হাজারের বেশি রোহিঙ্গা অবস্থান নিয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন।
রোহিঙ্গাদের গড়ে তোলা নতুন বসতিগুলোতে কারও কোনো নিয়ন্ত্রণ না থাকলেও রইক্ষ্যং বস্তি এলাকার নিয়ন্ত্রণ করছেন বিজিবি সদস্যরা।
টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, “কোনো না কোনোভাবে রোহিঙ্গারা আসছে। এ কারণে তাদের এক জায়গায় রেখে নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমরা। এসব মানুষকে মানবিক সহায়তাও দেওয়া হচ্ছে। সরকারের সিদ্ধান্ত পেলে পরে ব্যবস্থা নেওয়া সহজ হবে। ”
উখিয়ার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা প্রতিদিনই আসছে। তবে গত ৪ দিনে পালংখালীর আঞ্জুমানপাড়া ও রহমতের বিল এবং টেকনাফের হোয়াইক্যং, কাঞ্জরপাড়া, লম্বাবিল, খারাংখালী ও ঝিমংখালীসহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ ঘটছে দলে দলে।
পালিয়ে আসা এই রোহিঙ্গাদের মধ্যে যারা শরণার্থী শিবিরে জায়গা পাননি, তারা আশ্রয় নিচ্ছেন পালংখালীর তাজিমেরঘোনা, বালুরচর, বালুখালী, বাঘঘোনা ও আঞ্জুমান পাড়ার পাহাড়ী এলাকায়। আশপাশের গ্রাম, মসজিদ-মাদ্রাসা, ঝোপ-জঙ্গলেও অবস্থান নিয়েছেন তারা।
“রোহিঙ্গারা যেভাবে পাহাড়ের যত্রতত্র আশ্রয় নিচ্ছে, তা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। এতে আইন-শৃংখলা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাদের নির্দিষ্ট এলাকায় রাখা না গেলে পরিস্থিতির অবনতি হতে পারে। এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না।”
গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার পর থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের এই ঢল চলছে। স্থানীয়রা বলছেন, দিনের বেলা অনুপ্রবেশের ঘটনা কম ঘটলেও সন্ধ্যার পর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা আসছে স্রোতের মত।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের মধ্যে ১৬ হাজার স্কুলপড়ুয়া শিশু রয়েছে। পাঁচ হাজার শিশুর বয়স পাঁচ বছরের নিচে। বহু শিশু আছে, যাদের সঙ্গে কোনো অভিভাবক নেই।
মিয়ানমারের মংডুর বলিবাজার এলাকা থেকে এসে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর পাহাদি এলাকায় পলিথিনের ঘর তুলেছেন মোহাম্মদ হোসেন নামের এক রোহিঙ্গা।
হোসেন জানান, অপরিচিত এক ব্যক্তি ঝুপড়ি বানানোর জন্য বাঁশ আর বড় একটি পলিথিন দিয়েছেন। কিন্তু হাতে কোনো টাকাপয়সা নেই।
মিয়ানমারের ফকিরা বাজার থেকে আসা আব্দুল হাকিম জানান, বাংলাদেশে আসার পথে মিয়ামারের পাহাড়-জঙ্গলে খাবার না পেয়ে তাদের কলাগাছও খেতে হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশে ঢোকার পর স্থানীয় এক লোক কলা-বিস্কুট খেতে দিয়েছিলেন। কোথাও জায়গা না পেয়ে তারা এই পাহাড়ে এসেছেন।
কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা এই রোহিঙ্গাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেও আগামী দিনগুলোতে কী অপেক্ষা করছে তা নিয়ে শঙ্কা রয়েছে তাদের মনে।
বিজিবি-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল বলেন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের রইক্ষ্যং পাহাড়ে এক জায়গায় রাখতে তাদের মধ্যে থেকেই স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। পাশাপাশি বিজিবির উদ্যোগে খোলা হয়েছে চিকিৎসা ক্যাম্প।
তবে স্থানীয় প্রশাসনের মুখপাত্র ক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলছেন, রইক্ষ্যং পাহাড়ে রোহিঙ্গা ক্যাম্প বানানোর বিষয়টি বিজিবির নিজস্ব উদ্যোগ। এর সঙ্গে জেলা প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই।
গত ১১ দিনে কত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, তার কোনো নির্দিষ্ট হিসাবও প্রশাসনের পক্ষ থেকে তিনি জানাতে পারেননি।
