শ্যালক-ভাগ্নের ‘ঝগড়া থামাতে গিয়ে’ নিজে খুন
রাজধানীর হাজারীবাগে দুই স্বজনের ঝগড়া থামাতে গিয়ে ছুরির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত অরুণ মিয়া(৪০) নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাড়ির চালক ছিলেন।
সোমবার বিকালে হাজারীবাগে সিটি করপোরেশনের কলোনীতে এঘটনা ঘটে বলে তার স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে অরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।
অরুণের ভাতিজা আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যালক লিটন ও ভাগ্নে ইব্রাহিমের হাতাহাতি থামাতে গিয়ে দুইজনের কারো একজনের ছুরির আঘাত তার গায়ে লাগে।
তিনি বলেন, তারা সবাই সিটি করপোরেশনের কর্মচারী। বিকালে কলোনী এলাকায় কোরবানির রক্ত পরিষ্কার করার সময় লিটনের ঘরে ময়লা পানি গেলে ইব্রাহিমের সঙ্গে কথাকাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়।
“এসময় অরুণ মিয়া বাসা থেকে বের হয়ে তাদের থামাতে গেলে দুইজনের কারো একজনের কাছে থাকা চাকুর আঘাতে গুরুতর আহত হন তিনি।”
হাজারীবাগ থানার ওসি আলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
