২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জীব চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা বিএনপির

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 05:22 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

৬৮ বছর বয়সে বৃহস্পতিবার মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান সাংবাদিক সঞ্জীব চৌধুরী। তিনি ইংরেজি নিউ নেশনে কর্মরত ছিলেন। 

শুক্রবার দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সঞ্জীব চৌধুরীর কফিন আনার পর তা দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়।

এরপর দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তীসহ কেন্দ্রীয় নেতারা কফিনে ফুল দেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, বেলাল আহমেদ, শায়রুল কবির খান, জন গোমেজ, মুন্সি বজলুল বাসিত আনজু, অমলেন্দু দাশ অপু, রমেশ দত্ত, সুশীল বড়ুয়া, মৃগের হাগিদল, মিল্টন বৌদ্ধ, মিন্টু বসু এসময় উপস্থিত ছিলেন।

ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকেও তার কফিন ফুল দেন সাংবাদিক ইউনিয়ন নেতা শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, সৈয়দ আবদাল আহমেদ, খোরশেদ আলম প্রমুখ।

পরিবারের সদস্যরা জানান, পোস্তাগোলার শম্মানে সঞ্জীব চৌধুরীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।