রাজশাহী-রংপুর থেকে ভারতের ভিসা সহজ হল
চট্টগ্রামের পর রাজশাহী ও রংপুরের বাসিন্দাদের জন্যও ভারতের ভ্রমণ ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করল দেশটির সরকার।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে রাজশাহী ও রংপুরে ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টারে টুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়ার সময় আগাম অ্যাপয়েন্টমেন্ট বা ভারতে যাওয়ার ‘নিশ্চিত’ টিকেটের প্রয়োজন হবে না।
ভারত ভ্রমণে আগ্রহীরা ভিসা সেন্টারে গিয়ে সরাসরি তাদের আবেদন জমা দিতে পারবেন বলে বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাধারণ নিয়মেই সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী ও রংপুর ভিসা সেন্টারে আবেদন নেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই থেকে চট্টগ্রাম ভিসা সেন্টারেও ভ্রমণ ভিসার ক্ষেত্রে এই নিয়ম চালু রয়েছে। এবার রাজশাহী ও রংপুরেও ‘পরীক্ষামূলকভাবে’ এ ব্যবস্থা চালু হচ্ছে।
ভ্রমণ ছাড়া অন্যান্য ভিসার আবেদন আগের মতই সরাসরি জমা দেওয়া যাবে। টুরিস্ট ভিসায় আবেদনকারী প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে আলাদা কাউন্টার।
এসব উদ্যোগের ফলে ভারতীয় ভিসাপ্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি দুই দেশের মানুষের যোগাযোগ আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে ভারতীয় হাই কমিশন।
