২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে ভিড় ঠেলে বাড়ি ফেরা

পরিবারের সঙ্গে ঈদ করতে ঘরে ফেরা মানুষের উপচানো ভিড় শুরু হয়েছে ঢাকার কমলাপুর রেলস্টেশনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 10:59 AM

Updated : 19 Aug 2022, 05:27 PM

বৃহস্পতিবার সকালে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই দেখা গেছে অতিরিক্ত যাত্রীর ভিড়। বিভিন্ন গন্তব্যের যাত্রীরা স্টেশনে অপেক্ষায় আছেন- কখন আসবে বাড়ির ট্রেন।

জায়গা পাওয়া নিশ্চিত করতে অনেকে বিমানবন্দর স্টেশন থেকে উল্টো পথের ট্রেনে চেপে বসছেন। সেই ট্রেন কমলাপুরে এসে যাত্রী নামিয়ে নতুন যাত্রী নিয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে।

রংপুর এক্সপ্রেসের ছাড়ার সময় সকাল ৯টায়। কিন্তু সকাল সাড়ে ৮টায় ট্রেন প্ল্যাটফর্মে আসতেই অপেক্ষায় থাকা যাত্রীরা তাতে উঠে পড়েন।

ট্রেন পরিষ্কার করার জন্য ওয়াশ শেডে নেওয়া হবে জানিয়ে মাইকের মাধ্যমে যাত্রীদের নেমে যাওয়ার অনুরোধ জানানো হলেও তাতে কান দেননি কেউ। পরে যাত্রী বোঝাই করেই ট্রেনটি ওয়াশ শেডে যায়।

সকাল সোয়া ৯টায় প্ল্যাটফর্মে ঢোকে দিনাজপুর থেকে আসা একতা এক্সপ্রেস। এ ট্রেনও প্ল্যাটফর্মে আসামাত্র পূর্ণ হয়ে যায়। যাত্রীরা ট্রেনের ছাদেও উঠে বসেন।

অনেক ঠেলাঠেলি করে নিজের আসনে বসার পর বেঙ্গল গ্রুপের কর্মকর্তা গোলাম রাব্বানী বললেন, প্রতি ঈদে এরকম ঝক্কির মধ্যে বাড়ি যেতে যেতে তিনি অভ্যস্ত হয়ে গেছেন।

“এটাই আমাদের নিয়তি। আমরা মেনে নিয়েছি। তবে সরকার চাইলে মানুষের এই ভোগান্তি কমাতে পারে। ট্রেনের সংখ্যা বাড়ানো হলে এ দুর্ভোগ কমবে।”

যত দুর্ভোগই হোক, বাড়ি গেলে সেটা আর মনে থাকে না বলে জানালেন একতা এক্সপ্রেসের আরেক যাত্রী এহসানুল হক।

“বাড়ি যাওয়ার আনন্দের কাছে এই কষ্ট কিছু না।”

নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি পৌনে দুই ঘণ্টা দেরি করে প্ল্যাটফর্মে ঢোকে। দীর্ঘসময় অপেক্ষায় থাকা যাত্রীরা পড়িমরি করে ট্রেনে উঠে পড়েন। এ সময় অনেকে জানালা দিয়ে ঢুকেও আসনে পৌঁছানোর চেষ্টা করেন।

গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে ট্রেনে চড়ার টিকেট কিনেছিলেন শ্রীপুরের একটি পোশাক কারখানার কর্মী আয়েশা বেগম। সঙ্গে তার ভাবী। কিন্তু ভিড়ের মধ্যে জয়দেবপুর থেকে উঠতে পারবেন কি না- সেই আশঙ্কায় ঢাকার পথের নীলসাগর এক্সপ্রেসে উঠে পড়েন তারা। উল্টো পথে কমলাপুর এসে তারপর শুরু হয় তাদের ঈদযাত্রা।

আয়েশা বলেন, “টিকেট কাটা আছে, কিন্তু মানুষের যে ভিড়, জয়দেবপুর থেকে ওঠার কোনো সুযোগ নাই। মেয়েরা তো আরও পারবে না। দেখেন… এখনই ট্রেনে পা ফেলার জায়গা নাই।”

বেলা সাড়ে ১০টার দিকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হলে ট্রেনের ছাদে ওঠা যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেকে ছাতা, পলিথিনের নিচে আশ্রয় নেন।

রংপুর এক্সপ্রেসের ছাদে থাকা মিল্লাত হোসেন জানান, রংপুরের কাউনিয়ায় যেতে ট্রেনের ছাদে চড়েছেন তিনি।

“টিকেট কিনতে পারি নাই। এই কারণে ছাদে যাইতে হচ্ছে। বৃষ্টিতে অসুখ করার ভয় আছে, পড়ে যাওয়ার ভয়ও থাকে। কিন্তু কি করা, যাওয়া লাগবে।”

বৃহস্পতিবারও কয়েকটি ট্রেন দেরি করে কমলাপুর থেকে ছেড়ে গেছে। রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ভোর ৬টায় কমলাপুর ছাড়ার কথা। কিন্তু সেটি দুই ঘণ্টা ২০ মিনিট দেরি করে বেলা ৮টা ২০ মিনিটে ছাড়ে।

নীলসাগর এক্সপ্রেস ছাড়ার কথা সকাল ৮টায়। ট্রেনটি আড়াই ঘণ্টা দেরি করে বেলা সাড়ে ১০টায় ছাড়ে যায়।

সকাল ৯টার রংপুর এক্সপ্রেস ছেড়ে গেছে ১১টায়। খুলনার সুন্দরবন এক্সপ্রেস ৭টা ২০ মিনিটের পরিবর্তে ছেড়েছে ৮টা ২০ মিনিটে।

তবে একতা, অগ্নিবীণা, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছেড়েছে সময়মত।

স্টেশন ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সারা দিনে ৬৭টি ট্রেন কমলাপুর ছেড়ে যাবে। এর মধ্যে বেলা ১১টা পর্যন্ত ছেড়ে গেছে ২৬টি ট্রেন।

ট্রেনগুলো কমলাপুরে আসতে দেরি হওয়ায় সেগুলো ছাড়তেও বিলম্ব হয়েছে বলে সিতাংশু চক্রবর্তী জানান।

“যাত্রীর অতিরিক্ত চাপও দেরি হওয়ার কারণ। প্রতিটি স্টেশনে যে সময় দেওয়া থাকে, যাত্রী ওঠানামায় তার চেয়ে বেশি সময় লাগে। তবে দেরি যে খুব বেশি হচ্ছে তা নয়।”

‘অনেক চেষ্টা করেও’ যাত্রীদের ছাদে ওঠা থেকে বিরত রাখা যাচ্ছে না বলে জানান কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক।

“আমরা বারবার মাইকে বলি ছাদে না উঠতে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও ছাদ থেকে নামানোর চেষ্টা করেন। কিন্তু যাত্রীরা নামতে চায় না। যেভাবেই হোক বাড়ি যেতে চায়।”