২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: আইজিপি

এবারের কোরবানির ঈদে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 09:25 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

বুধবার গাবতলী এলাকায় টার্মিনাল ও গবাদি পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এবারের ঈদে নিরাপত্তা থ্রেট নেই। সব রকমের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।”

কোরবানির পশুর হাটেও যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলে জানান আইজিপি।

“কোরবানির পশুর হাটে ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। ঢাকা মহানগরীর ২৫টি পশুর হাটে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছে। এছাড়া সারাদেশে হটগুলোকে কেন্দ্র করে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা।”

ঢাকার কোনো পশুর হাট থেকে বুধবার পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান শহীদুল।

“ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে আশানুরূপ বিক্রি না হওয়ায় অনেকেই হতাশ।”

ঈদে বাড়িফেরা মানুষের ঢাকার বাসার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, আবাসিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। পাড়ায় মহল্লায় স্থানীয় পর্যায়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া আছে। পুলিশ এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।