অস্ট্রেলিয়াকে হারানোয় ক্রিকেটারদের অভিনন্দন খালেদার
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
চিকিৎসার জন্য লন্ডনে থাকা খালেদা এক অভিনন্দন বার্তায় বলেন, “টাইগাররা ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে, তাতে আমি গর্বিত ও আবেগাপ্লুত। আমি বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
সাকিব আল হাসানের নৈপূন্যে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে বুধবার অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ।
খালেদা বলেন, “অস্ট্রেলিয়ার মতো একটা চৌকস ও দক্ষ দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে, একাগ্রতা ও মনোবল বজায় রাখলে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো অসম্ভব নয়।
“আমি খুবই আশাবাদী, নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশি টাইগাররা ধারাবাহিকভাবে এধরনের সাফল্য ভবিষ্যতেও ধরে রাখতে সক্ষম হবে।”
খালেদা জিয়া এই জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
