এই জয় ঈদ উপহার: প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাকিব আল হাসান ও তামিম ইকবালের দুর্দান্ত নৈপুণ্যে ঐতিহাসিক এই জয় প্রধানমন্ত্রী উদযাপন করেছেন মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা উড়িয়ে।
দুই টেস্টের এই সিরিজের প্রথমটিতে বুধবার অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এই জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
“তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয় দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার।”
মেয়ে সায়মা হোসেন পুতুলের ছেলে জারিফও এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন।
বাংলাদেশের বোলার তাইজুল ইসলাম অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হেইজেলউডের উইকেট তুলে নিলে প্রধানমন্ত্রী আসন থেকে উঠে দাঁড়ান। পাশে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ সময় সরকারপ্রধানের হাতে তুলে দেন জাতীয় পতাকা।
নাতিকে পাশে নিয়ে সেই পতাকা উড়িয়ে বাংলাদেশের বিজয় উদযাপন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
