১৮ এজেন্সির বিরুদ্ধে হজযাত্রীদের অভিযোগ
ভিসা পাওয়ার পরেও হজে যেতে না পেরে ৯৮ জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। আর ভিসা পেয়েও হজে যেতে পারেননি ৩৬৭ জন।
মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাফিজুর রহমান।
তিনি বলেন, এবার ১ লাখ ২৭ হাজার ৫৯৬ জন বাংলাদেশি হজে যাওয়ার ভিসা পেয়েছিলেন। এদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদি গিয়েছেন। সেই হিসেবে ৩৬৭ জন বিভিন্ন কারণে হজে যেতে পারেননি।
৩৬৭ জনের মধ্যে কেউ অসুস্থতার জন্য, কেউ হজ ফ্লাইটে না গিয়ে অন্য রুটে বা মারা যাওয়ার কারণে কেউ কেউ হজে যায়নি বলে জানান যুগ্ম-সচিব হাফিজুর।
তিনি বলেন, সব রিপোর্ট পাওয়ার পর কতজন হজে যাননি সেই সংখ্যাটা নিশ্চিত করে বলা যাবে।
৯৮ জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন জানিয়ে হাফিজুর রহমান বলেন, “অর্থাৎ এদের হজে যাওয়ার ইচ্ছে ছিল, তারা যেতে পারেননি।
“এদের পাসপোর্ট ছিল, ভিসা ছিল, কিন্তু টিকেট ছিল না। হজ এজেন্সির প্রতিনিধিও হজ ক্যাম্পে উপস্থিত ছিলেন না। আমাদের কাছে ৯৮ জন হজ যাত্রীর অভিযোগ রেকর্ডভুক্ত হয়েছে।”
এছাড়া হজ অফিস একটি জিডি করেছে জানিয়ে হাফিজুর বলেন, এর ভিত্তিতে যেন দায়ী হজ এজেন্সির বিরুদ্ধে মামলা করতে পারি। তদন্ত করে মূল কারণগুলো বের করা হবে।
অভিযোগ দেওয়া ৯৮ জনকে আগামী বছর অগ্রাধিকারের ভিত্তিকে হজে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান যুগ্ম-সচিব।
