২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিডিপির একাংশের কমিটির বৈধতা নিয়ে হাই কোর্টের রুল

ফেরদৌস আহমদ কোরেশী ও এম এ হোসেন নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) কমিটিকে বৈধতা দিয়ে নির্বাচন কমিশনের দেওয়া চিঠি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 05:26 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

সেইসঙ্গে এম দেলাওয়ার হোসেন ও এহসানুল হক সেলিম নেতৃত্বাধীন কমিটি কেন গ্রহণ করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেয়।

প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব, পিডিপি একাংশের চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী, কো-চেয়ারম্যান নিলুফার পান্না কোরেশী এবং মহাসচিব এম এ হোসেনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২২ জুন নির্বাচন কমিশনের এক চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে পিডিপির আরেকটি অংশের মহাসচিব এহসানুল হক সেলিম রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।  

ইউনুস আলী বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর কাউন্সিলের মাধ্যমে এম দেলাওয়ার হোসেনকে চেয়ারম্যান ও এহসানুল হক সেলিমকে মহাসচিব করে কমিটি গঠন করা হয়। ওই দিনই নবগঠিত কমিটি বৈধতা চেয়ে নির্বাচন কমিশনের আবেদন করে।

এ অবস্থায় নির্বাচন কমিশন দুইপক্ষের শুনানি নিয়ে ২২ জুন উভয় পক্ষকে একটি চিঠি দেয়।

ওই চিঠিতে এম দেলাওয়ার হোসেন ও এহসানুল হক সেলিমের কমিটিকে কমিশন জানায়, তাদের আবেদন গ্রহণ করা হয়নি।

অপরদিকে ফেরদৌস আহমদ কোরেশীকে নির্বাচন কমিশন দলীয় কার্যক্রম চালিয়ে যেতে বলে। এছাড়া ‘রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা, ২০০৮’ ও ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ অনুযায়ী দলের গঠনতন্ত্রে যেসব অসঙ্গতি বা অসামঞ্জস্য রয়েছে তা সংশোধন করে ১৩ অগাস্টের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়।

পরে নির্বাচন কশিনের ওই চিঠির বৈধতা চ্যলেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন নতুন কমিটির মহাসচিব এহসানুল হক সেলিম। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়েই আদালত এ রুল জারি করে।