হাসপাতালে আসা রোহিঙ্গাদের মধ্যে দগ্ধরাও
মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের মধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করা আরও ১২ রোহিঙ্গাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার মধ্যরাতে নয়জনকে হাসপাতালে আনা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “তাদের মধ্যে দুজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। আর ছয়জনের গায়ে গুলির ক্ষত আছে। স্বজনদের মাধ্যমে ও পুলিশ তাদের চট্টগ্রামে নিয়ে এসেছে।”
এই নয়জন হলেন- নুরুল হাকিম (২৬), সাকের (২৭), মামুনর রশিদ (২৭), নুরু সালাম (১৫), পারভেজ (২০), আবুল কাশেম (২৭), নুরুল আমিন (২২), সাদেক (২০) ও জাহিদ হোসেন (২০)। তাদের মধ্যে সাদেক ও জাহিদ হাসপাতালে এসেছেন দগ্ধ অবস্থায়।
সোমবার বিকালে আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সব মিলিয়ে মোট ১৯ জন রোহিঙ্গা এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে এসেছেন চিকিৎসা নিতে। তাদের মধ্যে একজন শনিবার মারা যান বলে এএসআই আলাউদ্দিন জানান।
এই ১৯ জনের মধ্যে পাঁচজন চিকিৎসাধীন বার্ন ইউনিটে। সাদেক ও জাহিদ ছাড়া অন্য তিনজন হলেন- মংডুর হাওয়ার বিলের বাসিন্দা আবুল কাশেম, আবু ফায়াজ ও পরোয়াজ।
বার্ন ইউনিটে দায়িত্বরত চমেকের সহকারী অধ্যাপক এস খালেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচজনের ১৫ থেকে ৩০ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
মিয়ানমারের রাখাইন ছেড়ে পালিয়ে আসা আহত শাকিল নামে এক রোহিঙ্গা সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ছবি: সুমন বাবু
হাসপাতালে গিয়ে দেখা যায়, দগ্ধ রোহিঙ্গাদের মুখ, হাত ও পায়ে ক্ষত হয়েছে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে বাস করা স্বজনরা রয়েছেন দগ্ধদের সাথে।
স্বজনরা জানান, বাংলাদেশে পালিয়ে আসার পর তারা কুতুপালং শরণার্থী শিবিরের মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতলে চিকিৎসা নেওয়ার পর চট্টগ্রামে আনা হয় তাদের।
এমএসএফ হাসপাতাল থেকে ব্যবস্থাপত্রে অগ্নিদগ্ধের কারণ হিসেবে বোমা বিস্ফোরণের কথা বলা হলেও চিকিৎসাধীন জাহিদ জানান, মিয়ানমারে সৈন্যরা ঘরে আগুন দেওয়ায় তারা দগ্ধ হন।
গত বৃহস্পতিবার রাতে মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ওই রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই রাতের পর থেকে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন, এর মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।
আরও সহিংসতার আশঙ্কায় হাজার হাজার রোহিঙ্গা নাফ নদী ও স্থল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টায় রয়েছে।
আহত কাশেমের বড় ভাই আবু সিদ্দিক জানান, গত বছরের ২৭ ডিসেম্বর তিনি তার পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন। তার ভাই কাশেম দগ্ধ অবস্থায় শনিবার কুতুপালং আসেন।
কীভাবে কাশেম বাংলাদেশে ঢুকল- জানতে চাইলে সিদ্দিক কিছু জানেন না বলে দাবি করেন।
তিনি বলেন, শনিবার এমএসএফ হাসপাতালে গিয়ে তার ভাইকে দেখতে পান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে চট্টগ্রাম নিয়ে আসেন।
কাশেমের স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এখনও মিয়ানমারে রয়েছে এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে জানান সিদ্দিক।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতে আহত রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেলে- ছবি: সুমন বাবু
হাসপাতালে থাকা সৈয়দ আলম নামে এক ব্যক্তি নিজেকে অগ্নিদগ্ধ আবু ফায়াজের শ্যালিকার স্বামী পরিচয় দিয়ে বলেন, গত বছরের অক্টোবরে তিনি চার মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ফায়াজ দগ্ধ অবস্থায় শনিবার বাংলাদেশে আসেন।
আহত সাদেকের মা রহিমা খাতুন জানান, সাদেক আর জাহেদ মামাত-ফুফাত ভাই। তাদের বাড়ি মিয়ানমারের সেনাদের ফেলা ‘বোমায়’ পুড়ে যায় এবং জাহেদ ও সাদেক দগ্ধ হন।
কক্সবাজার সদর থানার ওসি রণজিৎ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাদেক ও জাহেদ নামে দগ্ধ দুই রোহিঙ্গা শনিবার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রোববার তাদের গ্রেপ্তার করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, চিকিৎসাধীন ১৯ জনের মধ্যে বিকালে গুলিবিদ্ধ অবস্থায় এক শিশুসহ তিনজনকে ভর্তি করা হয়।
১০ বছর বয়সী জুনায়েদের মাথায় গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের উদ্ধৃত করে জানান পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন।
৪৭৫ রোহিঙ্গাকে ফেরত, ২ দালাল আটক
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় আরও ৪৭৫ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফের নাফ নদীর হোয়াইক্যং, উনচিপ্রাং ও উলুবনিয়া সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
অনুপ্রবেশ চেষ্টাকারীদের অধিকাংশই নারী ও শিশু বলে জানান তিনি।
এরআগে রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বান্দরবানের ঘুমধুম, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নাফ নদীর বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় শূন্যরেখা থেকে বিজিবি ২২৪ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছিল।
বিজিবি কর্মকর্তা আরিফুল বলেন, এসব রোহিঙ্গারা অন্তত ১০ থেকে ১৫টি নৌকায় করে নাফ নদীর শূন্যরেখা পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। বিজিবির সদস্যরা তাদের মানবিক সহায়তা দিয়ে ফেরত পাঠিয়েছে।
সীমান্ত দিয়ে কোনোভাবে যেন রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে বিজিবির সদস্যরা কড়া অবস্থান নিয়েছে বলে জানান আরিফুল।
এর আগে উখিয়া ও টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় বৃহস্পতিবার ১৪৬ জন, শুক্রবার ৭৩ জন, শনিবার ৭১ জন ও রোববার ৯২ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়।
রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তার অভিযোগে এক রোহিঙ্গাসহ দুই দালালকে আটক করে উখিয়া থানা পুলিশ।
অনুপ্রবেশে সহায়তাকারী দুই দালালকেও পুলিশ গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন রোহিঙ্গা।
গ্রেপ্তার দুই দালাল হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মোহাম্মদ সালামের ছেলে মো. জাকের হোসেন (৩৫) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চাকমা কাটা এলাকার নূর হাকিমের ছেলে আনোয়ার হোসেন (২৮)।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, রোববার মধ্যরাতে উখিয়ার বালুখালী সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৭৫ জন রোহিঙ্গাকে বালুখালী পানবাজার এলাকা থেকে আটক করা হয়। ওই সময়ই দুই দালালকে গ্রেপ্তার করা হয়।
“পরে আটক রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আমরা দুই দালালের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”
