ফরিদা পারভীনের ‘গানের সিডি করে বিক্রিতে’ তিনজনকে আদালতে তলব
অনুমতি ছাড়া লালন গীতি শিল্পী ফরিদা পারভীনের গানের সিডি বের করে তা বিক্রির অভিযোগে সারগামের মালিক জাহাঙ্গীর কবির সেন্টু ও ওয়ার্ল্ডকমের ব্যবস্থাপনা পরিচালক সোলেমান আজমীসহ তিনজনকে তলব করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার আগামী ২ অক্টোবরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
অডিও ক্যাসেট প্রযোজনাকারী প্রতিষ্ঠান সারগাম ও ওয়ার্ল্ডকমের বিরুদ্ধে গত বৃহস্পতিবার দুটি মামলা দায়ের করেন লোক সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন।
মামলায় বলা হয়, ২০০৫ সাল থেকে গত ২৪ আগস্ট পর্যন্ত আসামিরা ফারিদা পারভীনের পাঁচটি অ্যালবামের ৫৯টি গানের সিডি নকল করে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ কোটি টাকা মুনাফা করে, যাতে শিল্পী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
দণ্ডবিধির ৪০৬/৪২০ এবং কপিরাইট আইনের ৮২ ধারাসহ আরও কয়েকটি ধারায় এ মামলাগুলো দায়ের করা হয়।
