২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ছুরির আঘাতে আওয়ামী লীগ কর্মী আহত

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় আওয়ামী লীগের এক কর্মীকে ছুরি মেরে আহত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 10:32 AM

Updated : 19 Aug 2022, 05:22 PM

বদর উদ্দিন আজিজ নামের ৫৫ বছর বয়সী ওই আওয়ামী লীগ কর্মী ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, শুক্রবার সকালে বেল্লাল  নামে এক ব্যক্তি আহত আজিজকে হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে আজিজের স্ত্রী জান্নাতুল নাহারও হাসপাতালে আসেন।

আজিজের হাত, পা, বুকে ও পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে বলে জানান এএসআই বাবুল।

নাহারের বরাত দিয়ে তিনি বলেন, ২১ অগাস্টের হামলার বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাইমচরে এক অনুষ্ঠানে যোগ দিতে ভোরে বাসা থেকে বের হন আজিজ। বাসার কাছে পূর্ব শেখদি ধনিয়া কলেজের কাছে কয়েকজন তাকে ছুরি মেরে পালিয়ে যায়।

তবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ।