২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-কপিরাইট সেবার যাত্রা শুরু

কপিরাইট আইনে নিবন্ধন, মামলা দায়েরসহ কপিরাইট সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাজ সহজ করে তুলতে এবার কপিরাইট অফিস নিয়ে এসেছে ই-কপিরাইট সেবা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 04:53 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কপিরাইট অফিসের এই ই-কপিরাইট সেবা কার্যক্রমে সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম।

বাংলাদেশ কপিরাইট অফিস ও এটুআই প্রোগ্রামের যৌথ আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বুধবার দুপুরে এই ই-কপিরাইট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউএনডিপি এবং ইউএসএইড-এর কারিগরী সহায়তায় এটুআই প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের সহায়তায় ই-কপিরাইট সেবা ব্যবস্থা চালু করেছেন তারা।

এর মাধ্যমে এখন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের তৈরি সাহিত্যকর্ম, নাট্যকর্ম, সংগীতকর্ম, রেকর্ডকর্ম, শিল্পকর্ম, চলচ্চিত্র বিষয়ক কাজ, বেতার সম্প্রচার, টেলিভিশন সম্প্রচার, কম্পিউটার-সফটওয়্যার কর্ম ইত্যাদি নিবন্ধনের জন্যে সহজেই বাংলাদেশ কপিরাইট অফিসের ওয়েবসাইট www.copyrightoffice.gov.bd/ -এ গিয়ে কপিরাইটের জন্যে অনলাইনে আবেদন করতে পারবে।

প্রত্যেকটি আবেদন স্বয়ংক্রিয় উপায়ে যাচাই-বাছাইয়ের পর পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন প্রদান করা হবে এবং নির্দিষ্ট তারিখে কপিরাইট সার্টিফিকেট বিতরণ করা হবে। প্রয়োজনে ই-সার্টিফিকেটও পাওয়া যেতে পারে, যা পরবর্তীতে অনলাইনে যেকোনো সময় যাচাই করা যাবে।

এই ই-সেবার মাধ্যমে কপিরাইট সংশ্লিষ্ট যেকোনো ফিও প্রদান করা যাবে। তবে এই সেবাটি চালু করতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানান জাফর রাজা চৌধুরী।

তিনি বলেন, “এর আগে কপিরাইটের অফিস শুধুমাত্র ঢাকায় থাকায় সৃজনশীল কাজের ক্ষেত্রে কপিরাইট সার্টিফিকেটের জন্য আবেদন করার প্রক্রিয়া কেবল ঢাকায় সম্ভব ছিল। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা সম্পর্কে আবেদনকারীর কাছে তথ্য না থাকায় কাগজপত্র জমা দেওয়ায় ক্ষেত্রে ভুল হত এবং একাধিকবার অফিসে আসতে হত।

“এতে করে আবেদনকারীর খরচ ও যাতায়াত দুটোই বেড়ে যেত। আবেদনের সব কাজ হাতে-কলমে সম্পন্ন হত বলে আবেদনকারীকে অনেক ভোগান্তির স্বীকার হতে হত। এছাড়া আগে সনদপ্রাপ্ত কর্মের কোনো প্রকার ডিজিটাল সংরক্ষণ ব্যবস্থা ছিল না বলে বাছাই প্রক্রিয়ায় ভুল হওয়ার সম্ভাবনা রয়েই যেত।”

ই সেবা চালুর মাধ্যমে কপিরাইট নিবন্ধনের হার বাড়বে আশা প্রকাশ করে জাফর রাজা বলেন, “পাইরেসি ইস্যুতে কাজ করাও সহজ হয়ে যাবে অনেকটাই।”