২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে সুষমা স্বরাজের ঢাকা সফরের সম্ভাবনা ক্ষীণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা তেমন নেই বলে দেশটির একজন কূটনীতিকের কথায় উঠে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 01:26 AM

Updated : 12 Apr 2022, 12:08 AM

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ‘যত দ্রুত সম্ভব’ বাংলাদেশ সফরে আসতে চান বলে জানিয়েছেন তিনি।

ওই কূটনীতিক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন পর্যন্ত তার সফরের তারিখ চূড়ান্ত করিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থাকায় আগামী মাসে এটা কঠিন হতে পারে। কিন্তু যত দ্রুত সম্ভব তিনি বাংলাদেশ সফরে আসতে চান।”

কিডনি জটিলতা থেকে সেরে ওঠা সুষমা সম্প্রতি বিমসটেকের বৈঠকে অংশ নিতে নেপাল সফর করেন।সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশ সফরে আসতে পারেন বলে চলতি মাসের প্রথম সপ্তাহে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে সুষমা স্বরাজের। এ ধরনের বৈঠকে সাধারণত দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা এবং তা সামনে এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করা হয়।

গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচিত হওয়ার পর এটাই হবে এ ধরনের প্রথম বৈঠক।

শেখ হাসিনার ওই সফরে নতুন পাঁচ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দেয় ভারত, যার অধীনে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়নাধীন রয়েছে।

হাসিনার ওই সফরে দুই দেশের মধ্যে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ওই ভারতীয় কূটনীতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিপূর্ণ স্বচ্ছতার সঙ্গে আমরা এসব বাস্তবায়ন করব। কী ঘটছে সরকার তা জানতে পারবে।”

দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগের উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ও ভারত।ভারতীয় ভিসা প্রাপ্তির ঝামেলা শিথিল করায় বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি ভারত সফর করছেন। 

ভারতীয় ওই কূটনীতিক জানান, গত ছয় মাসে প্রায় সাত লাখ ভিসা ইস্যু করেছেন তারা।

“এ বছর দেওয়া মোট ভিসার সংখ্যা ১৪ লাখে দাঁড়াবে বলে আমরা ধারণা করছি। প্রকৃত ভ্রমণের সংখ্যা আরও বেশি হবে, কারণ দীর্ঘ মেয়াদে আমরা এক বছর বা ছয় মাসের জন্য একাধিকবার গমনের সুযোগ দিয়ে থাকি।”