মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্প উচ্ছেদ আপাতত বন্ধ রাখতে আদালতের নির্দেশ
রাজধানীর মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পগুলোতে আপাতত উচ্ছেদ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
উর্দুভাষীদের এক আবেদনে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেয়।
এই রিট আবেদনের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখতে বলেছেন বিচারকরা।
রিট আবেদনকারীর প্রধান আইনজীবী জয়নাল আবেদীনের সহযোগী আইনজীবী তাসলিমা ইয়াসমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১৩ অগাস্ট লিখিত আদেশ দেবেন হাই কোর্ট।”
মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে বিনা নোটিসে ডিএনসিসির উচ্ছেদ অভিযান চালেঞ্জ করে উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলমসহ আরও দুজন হাই কোর্টে রিট আবেদনটি করেন।
উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’র সাধারণ সম্পাদক ইমরান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান, গত ২৯ জুলাই ১২ নম্বর সেকশনে দুটি ক্যাম্প, ১১ নম্বর সেকশনে মাদ্রাসা ক্যাম্পে ১৫০টি ঘর ও ৪৫০টি দোকান ভেঙে দেয় সিটি করপোরেশন।
