২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীকে ক্ষমা চাইতে আহ্বান ডিইউজের

সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যে ক্ষোভ জানিয়ে ক্ষমা চেয়ে ওই বক্তব্য প্রত্যাহার করতে তার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 10:57 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এই আহ্বান জানিয়ে বলেন, “দায়িত্বশীল পদে থেকে অর্থমন্ত্রী ওয়েজবোর্ড সম্পর্কে না জেনে যেভাবে বক্তব্য দিয়েছেন, তা তার জ্ঞানের সীমাবদ্ধতার প্রমাণ দেয়।”

সংবাদকর্মীদের নবম বেতন বোর্ড গঠনের প্রক্রিয়া চলার মধ্যে সম্প্রতি সংবাদপত্র মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকের পর মুহিত বলেন, সাংবাদিকদের বর্তমান বেতন সরকারি চাকুরেদের চেয়ে বেশি, ফলে নতুন বেতন কাঠামোর প্রয়োজন নেই।

ডিইউজের বিবৃতিতে বলা হয়, “এ ধরনের বক্তব্য দিয়ে অর্থমন্ত্রী যেমন নিজেকে আবারও বিতর্কিত করেছেন, তেমনি সাংবাদিক সমাজকে বিক্ষুব্ধ করে তুলেছেন।

“রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ডের যৌক্তিকতা স্বীকার করার পর অর্থমন্ত্রীর ওয়েজবোর্ড বিরোধী বক্তব্যরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেই বিব্রত করার শামিল।”

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ডেকেছে ডিইউজে।