ফালুপত্নীর মাছ-গরুর খামারের খোঁজ পাচ্ছে না দুদক
মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার সাড়ে নয় কোটি টাকার সম্পদ বিবরণীতে উল্লেখ করা আয়ের উৎসগুলোর কয়েকটির অস্তিত্ব পাচ্ছে না দুদক, যার মধ্যে মাছ ও গরুর খামারও রয়েছে।
তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার রমনা থানায় একটি মামলা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে দায়ের করা ওই মামলায় দোষী সাব্যস্ত হলে মাহবুবার ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
এর আগে গত ১৫ মে ফালুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু বিএনপির গত কমিটিতে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। চারদলীয় জোট সরকারের আমলে প্রধানমন্ত্রী খালেদার রাজনৈতিক সচিব ছিলেন তিনি। সে সময় ঢাকার একটি উপনির্বাচনে সংসদ সদস্যও হয়েছিলেন।
মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলায় বলা হয়েছে, গত বছরের ৩১ অগাস্ট সম্পদ বিবরণী দাখিল করতে তাকে নোটিশ দেয় দুদক। পরে ৩ অক্টোবর কমিশনে তিনি সম্পদ বিবরণী দালিখ করেন।
ওই সম্পদ বিবরণীতে মাহবুবা সুলতানা তিন কোটি ৩১ হাজার ১০৬ টাকার স্থাবর সম্পদ এবং ছয় কোটি ৫৭ লাখ ৫০ হাজার ৭০০ টাকার অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন।
এরপর দুদকের অনুসন্ধানে দেখা যায়, মাহবুবা মোট নয় কোটি ৫৭ লাখ ৮১ হাজার ৮০৬ টাকার সম্পদ অর্জনে আয়ের উৎস হিসেবে যেসব খান দেখিয়েছেন, তার মধ্যে মৎস্য চাষ ও গরুর খামার খাতে আয়ের এক কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৮৬৩ টাকার বিষয়ে মৎস্য ও পশুপালন অধিদপ্তরের কোনো নিবন্ধন বা বিনিয়োগের স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ দেখাতে পারেননি, এমনকি তার নামে কোনো মৎস্য-গরুর খামারের অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া ব্যবসায় বিনিয়োগ থেকে এসেছে বলে উল্লেখ করা দুই কোটি টাকা আয়ের কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। আবার তার বনানীর বাড়িতে বিনিয়োগ করা ৬৬ লাখ ৭৭ হাজার ৩২৭ টাকা এবং অন্যান্য উৎস্য থেকে প্রদর্শিত আয়ের এক লাখ ৭৪ হাজার ২৮২ টাকার সমর্থনে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি বলে মামলায় বলা হয়।
