২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদন নিয়ে ‘অচেনা’ একটি সংবাদপত্রের বক্তব্য

প্রচার সংখ্যায় সরকারি তথ্যের অসঙ্গতি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আমার সংবাদ নামে একটি সংবাদপত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 06:53 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

আমার সংবাদ কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের পত্রিকাটি মোটেই ‘অচেনা নয়, বরং অতি পরিচিত’ এবং বাংলাদেশের যে কোনো স্থানে সংবাদপত্র স্টলে পাওয়া যায়।

বাংলাদেশের মুদ্রিত সংবাদপত্রের প্রচার সংখ্যার যে হিসাব তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর দিচ্ছে, তার অসঙ্গতি নিয়ে গত ৯ অগাস্ট ‘অচেনা পত্রিকাগুলোরও এত প্রচার সংখ্যা!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে।

তাতে উদাহরণ হিসেবে কয়েকটি সংবাদপত্রের কথা উল্লেখ করা হয়, যেগুলোর নাম সংবাদপত্রের হকাররা শোনেননি বলে উল্লেখ করা হয়েছিল।

সরকারি তথ্য বলছে, আমার সংবাদের প্রচার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২০০। তাদের মতোই গণকণ্ঠের প্রচার সংখ্যা ৫১ হাজার ১০০, ঢাকা প্রতিদিনের ৫০ হাজার, নব চেতনার ৫০ হাজার, দৈনিক বাংলার ৪০ হাজার, খবরের ৪০ হাজার।

একাধিক সংবাদপত্রের একই প্রচার সংখ্যার কৌতূহল উদ্দীপক তথ্য সরবরাহের বিষয়টিও আসে প্রতিবেদনে।

আমার সংবাদের সম্পাদক ও প্রকাশকের পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, “ঢাকাসহ বাংলাদেশের এমন কোনো পত্রিকা স্টল নেই যেখানে আমার সংবাদ পাওয়া যায় না, কিংবা বিক্রি হয় না।”

সরকার ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী আমার সংবাদে সংবাদকর্মীদের বেতন-ভাতা দেওয়া হয় বলেও দাবি করেছেন এর প্রকাশক-সম্পাদক।

“আমার সংবাদে ওয়েজবোর্ড অনুযায়ী মাসের প্রথম সপ্তাহেই সাংবাদিক-কর্মচারীদের বেতন দিয়ে সংবাদপত্র জগতে সুনামের সাক্ষর রাখছে ও প্রশংসা পাচ্ছে।”   

অর্থাৎ আমার সংবাদের একজন স্টাফ রিপোর্টার মাসে ৪০ হাজার টাকা বেতন-ভাতা পেয়ে থাকেন।

 

পুরনো খবর:

অচেনা পত্রিকাগুলোরও এত প্রচার সংখ্যা!