২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

রাজধানীর কাওলা, উত্তরা ও মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী, এক কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 09:44 AM

Updated : 12 Apr 2022, 12:07 AM

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই  মো. বাচ্চু মিয়া বলেন, বিমানবন্দর থাকার এএসআই  জাহাঙ্গীর রাতে অজ্ঞাত পরিচয় এক নারীকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীকে রাত ১২টার দিকে কাওলা এলাকায় একটি গাড়ি চাপা দেয় বলে বাচ্চু মিয়া জানান।

তিনি বলেন, রাত ২টার দিকে হাবিবুর রহমান হাবু নামে চৌদ্দ বছরের এক কিশোরকে হাসপাতালে আনা হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাবুকে যারা হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাদের বরাত দিয়ে বাচ্চু জানান, ওই কিশোর তুরাগ থানা এলাকায় একটি জর্দা ফ্যাক্টরিতে কাজ করত। রাতে উত্তরা ১ নম্বর সেক্টরে গাড়ির ধাক্কায় আহত হয় সে।

এদিকে মিরপুরের শাহআলী থানার মাজার রোডে ট্রাক চাপায় হাবিবুর রহমান নামে ২৫ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

হাবিব সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে এসআই বাচ্চু জানান।

তিনি বলেন, রাতে শাহ আলী গুদারাঘাট এলাকায় বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় আহত হন হাবিব।

রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।