২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের ভাড়া বাড়াতে চান মালিকরা

ঈদুল আযহা উপলক্ষে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি করেছেন মালিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 11:42 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএর সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকালে এই সভা হয়।

ভাড়া বাড়ানোর দাবি নিয়ে মন্ত্রী শাজাহান খান বলেন, “ভাড়া নির্ধারণ করার একটি বিধান আছে। বিধান হল কমিটি গঠন করে পর্যালোচনা করে কী কী হলে পরে ভাড়া বৃদ্ধি হবে সেগুলো আলোচনা করা।”

প্রস্তাব আকারে দিলে বিষয়টি দেখার আশ্বাস নিয়ে তিনি বলেন, “মালিকদের একটি দুর্বলতা আছে। তা হল, স্বাভাবিক সময়ে আপনারা (মালিক) সরকার কর্তৃক নির্ধারিত ভাড়াও নিতে পারেন না।”

এর উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, “ঢাকা থেকে বরিশালের সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া ২৫৫ টাকা, কিন্তু আপনারা এই ভাড়া নিতে পারেন না।”

এমভি টিপু লঞ্চের মহাব্যবস্থাপক মো. ফারুক হোসেনের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাভাবিক সময়ে যে যার মতো ডাকাডাকি করে ভাড়া কমিয়ে লঞ্চে যাত্রী ভরার কারণে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া যায় না। এ সময় ঢাকা থেকে বরিশালের ডেকের ভাড়া একশ থেকে দেড়শ টাকা নেওয়া হয়।

এই সমস্যার সমাধানে প্রকৃত ভাড়া টিকেটের গায়ে লেখার পরামর্শ দেন মন্ত্রী।

“তা না হলে সবার মাঝে বিভ্রান্তি থাকে। ঈদের সময় নির্ধারিত ভাড়া নিলে সাংবাদিকসহ সবাই মনে করেন বেশি ভাড়া আপনারা নিচ্ছেন।”

ঈদে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় এবং নদীর মাঝপথে নৌকাযোগে যাত্রী উঠালে সংশ্লিষ্ট লঞ্চ মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে হুঁশিয়ার করেন নৌমন্ত্রী।

সভায় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, লঞ্চ মালিক পক্ষ, নৌ-পুলিশের ডিআইজি, বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ এই রুট সংশ্লিষ্টকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সমস্যা তুলে ধরে মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে তার সমাধান চান তারা।

নৌপথের নিরাপত্তায় বেশ কয়েকটি সিদ্ধান্ত হয় সভায়। এগুলো হলো-

রাতের বেলায় সব ধরনের মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড  চলাচল বন্ধ রাখতে হবে। ঈদের আগে ২৮ অগাস্ট থেকে ঈদের পর ৭ সেপ্টেম্বর পর্যন্ত দিনের বেলায়ও  সব বালুবাহী বাল্কহেড  চলাচল বন্ধ রাখতে হবে।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

নৌপথে ডাকাতি, চাঁদাবাজি, শ্রমিক ও যাত্রীদের হয়রানি প্রতিরোধে রাতে পুলিশের  টহল এবং নদীতে এলোমেলোভাবে ট্যাংকার, লঞ্চ, কোস্টার, বার্জ ইত্যাদি চলাচল নিয়ন্ত্রণ।

লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই না করা এবং প্রতিটি লঞ্চের সিঁড়ির দুই পাশে প্রশ্বস্ত রেলিংয়ের ব্যবস্থা।

নৌকা দিয়ে নদীর মাঝপথ থেকে যাত্রী যাতে লঞ্চে বা নৌযানে উঠতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে। এ কাজে কোস্টগার্ডকে নিয়োজিত করা হবে।

কেবিনের যাত্রীদের ছবি বা মোবাইল নম্বর বা জাতীয় পরিচয়পত্রের নম্বর সংরক্ষণ করতে হবে। 

ঈদের আগে ও পরে পাঁচ দিন  নিত্য প্রয়োজনীয়  পণ্য ছাড়া অন্যান্য ট্রাক  ও কভার্ড ভ্যানের ফেরি পারাপার বন্ধ থাকবে।

লঞ্চ চলাচল নির্বিঘ্ন করতে  নৌপথে  সব মাছ ধরার জাল পাতা বন্ধ রাখতে হবে।

নৌযানে পর্যাপ্ত বয়া এবং  নৌপথে বাতি  ও মার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। ভোলা-লক্ষ্মীপুর রুটে নতুন দুটি সি-ট্রাক চালুর সিদ্ধান্ত হয় বৈঠকে।

সভায় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রকৌশলী ড. জ্ঞান রঞ্জন শীল, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, কোস্টগার্ডের মহাপরিচালক, ডিআইজি নৌ-পুলিশ এবং অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহম্মদ বীর বিক্রম উপস্থিত ছিলেন।