জঙ্গি অর্থায়নের অভিযোগে একজন গ্রেপ্তার
জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে হবিগঞ্জ থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিটের সদস্যরা।
গ্রেপ্তার মোস্তাক খাঁকে জঙ্গি অর্থায়নের ‘অন্যতম হোতা’ বলছে তারা।
সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে হবিগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
“কয়েক কোটি টাকা তার ট্রানজেকশন আছে। তার্কি (তুরস্ক) থেকে টাকাটা আসে। মোস্তাক জঙ্গি অর্থায়নের অন্যতম হোতা তিনি।”
মোল্যা নজরুল বলেন, “বিভিন্ন মাধ্যমের তার কাছে এই টাকা আসতো। আমরা তথ্য যাচাই-বাছাই করে তাকে আটক করেছি।”
রাজধানীতে সংবাদ সম্মেলন করে তার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলছেন এই পুলিশ কর্মকর্তা।
২০১৫ সালের প্রথম দিক থেকে উগ্রবাদীরা দেশের মুক্তমনা লেখক, প্রকাশক, শিক্ষক ও ভিন্ন মতালম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মগুরুদের একের পর এক কুপিয়ে ও গুলি করে হত্যা শুরু করে, যার চূড়ান্ত আঘাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশি ও দুই পুলিশ সদস্যসহ ২২ জনকে হত্যা করে তারা।
গুলশান হামলার পর নড়েচড়ে বসা আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি নির্মূলে বিভিন্ন স্থানে অভিযানের পাশাপাশি তাদের অর্থায়নের বিষয়েও অনুসন্ধান শুরু করে।
