‘কবিতায় যাপিত জীবনের গল্প বলেছেন আবুল হাসান’
সমকালীন জীবনবোধে উজ্জ্বীবিত হয়ে কবি আবুল হাসান কবিতায় সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় যাপিত জীবনের গল্প বলে গেছেন বলে মূল্যায়ন তারই সমসাময়িক কবি ও ‘ঘনিষ্ঠ বন্ধু’ মুহম্মদ নূরুল হুদার।
আবুল হাসানের ৭০তম জন্মদিন শুক্রবার বিকালে রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ছাদে স্মৃতিচারণ, আবৃত্তি, কবিতাপাঠ, বইমেলা ও আড্ডায় প্রয়াত কবির স্মৃতিচারণ করেন আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুহম্মদ নূরুল হুদা। প্রকাশক রবিন আহসানের সঞ্চালনায় এতে অংশ নেন বিভিন্ন প্রজন্মের কবি ও আবৃত্তিশিল্পীরা।
নূরুল হুদা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়তে গিয়ে আবুল হাসানের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। কবি নির্মলেন্দু গুণ ও সাফদার সিদ্দিকীর সঙ্গে তারা দুজন মিলে সন্ধ্যায় টিএসসিতে বসাতেন কবিতার আসর।
আবুল হাসান তার ‘চামেলি হাতে নিম্নমানের মানুষ’ কবিতাটি মহসীন হলের ২৬৫ নম্বর কক্ষে বসে লেখেন জানিয়ে তিনি বলেন, “কবিতাটি পড়ে মনে হল তা বিখ্যাত পয়েট্রি জার্নালের ‘ফাদার’ কবিতাটি অবলম্বনে রচিত। আমি তাকে বলেছিলাম, তুমি তো সেই কবিতাটি অনুকরণ, অনুসরণ করেছ। কিন্তু পরে মিলিয়ে দেখলাম ‘ফাদার’র সাথে আবুলের কবিতাটির কোনো মিল নেই।”
নূরুল হুদা বলেন, “প্রকৃত কবি ছিলেন কবি আবুল হাসান। কবিতায় যাপিত জীবনকে পড়ার চেষ্টা করেছেন তিনি। সমকালীন জীবনবোধে উজ্জ্বীবিত হয়ে তিনি সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় মানুষের কথা বলে গেছেন। প্রথাসিদ্ধ পথে হেঁটে তিনি মৌলিক পথের দিশা দিয়ে গেছেন।”
আবুল হাসানের কবিতা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, “তার কবিতায় জীবন পাঠের যে কলাকৌশল তাতে মনে হতে পারে তিনি কমিউনিস্ট ভাবাদর্শী হয়ে পড়েছেন, কিন্তু তিনি তা হননি। বিশ্ব কবিতায় মেটা মর্ডানিজমের কথা যখন বলি, তার কবিতায় সে ধরনের প্রভাব আমরা দেখতে পাই। প্রতিটি বাক্য সাবলীল না হওয়া পর্যন্ত তিনি থামতেন না।”
মাত্র ২৮ বছর বেঁচেছিলেন কবি আবুল হাসান। তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার, তাতে ঠাঁই পেয়েছে ১০০টি কবিতা।
বন্ধুর শেষযাত্রার দিনগুলো স্মরণ করে নূরুল হুদা বলেন, “মৃত্যুশয্যায় শুয়ে কবি লিখে গেছেন ‘অসুখ’ কবিতাটি। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম এ অবস্থায়ও লিখছ? সে আসলে প্রতিটি উচ্চারণে নিজেকে কবি হিসেবে বাঁচিয়ে রাখতে চেয়েছে। ”
পরে কবি আবুল হাসানের কবিতা ও তাকে নিবেদন করে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, মাসুম আজিজুল বাশার, আহমেদ শিপলু, নাজমুল হাসান, মুজতবা আহমেদ মোর্শেদ, মোহাম্মদ ইকবাল, তামান্না সারোয়ার নিপাসহ আরও অনেকে। রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে স্মৃতিচারণ ও কবিতা পাঠের অনুষ্ঠান।
আবুল হাসানের জন্ম ১৯৪৭ সালের ৪ অগাস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মামা বাড়িতে। তার বাবার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হলেও পড়া শেষ না করেই সাংবাদিকতা শুরু করেন আবুল হাসান। দৈনিক ইত্তেফাক, গণবাংলা ও দৈনিক জনপদে তিনি বিভিন্ন পদে কাজ করেছেন।
তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হল- ‘রাজা যায় রাজা আসে’, ‘যে তুমি হরণ করো’, ‘পৃথক পালঙ্ক’।
কবিতায় অবদানের জন্য ১৯৭৫ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮২ সালে মরণোত্তর একুশে পদক পান আবুল হাসান।
১৯৭৫ সালের ২৬ নভেম্বর মারা যান কবি।
