গৃহকর্মীর লাশ উদ্ধারের পর বনশ্রী রণক্ষেত্র
রাজধানীর বনশ্রীতে এক গৃহকর্মীর লাশ উদ্ধারের পর তাকে হত্যার অভিযোগ এনে ওই বাড়িতে হামলার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, বিক্ষোভকারীরা শুক্রবার বিকালে বনশ্রী জি ব্লকের চার নম্বর রোডের ওই সাত তলা বাড়ি প্রায় দুই ঘণ্টা ঘিরে রাখে এবং একটি গাড়ি পুড়িয়ে দেয়।
পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনলেও সন্ধ্যার পর অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকেন বিক্ষুব্ধরা। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই বাড়ির মালিক মুন্সী মইন উদ্দিন ও দারোয়ান রহিমকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে খিলগাঁও জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাদিয়া জুঁই জানিয়েছেন।
মইন উদ্দিন হাসপাতালে পুলিশের কাছে দাবি করেন, সকালে বাসায় কাজ করতে এসে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন লাইলী। ডাকাডাকির পর দরজা না খোলায় বাড়ির ম্যানেজার এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাইলীকে দেখতে পান।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইলীর গলায় কালো দাগ ছিল। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দেয়।
পুলিশ ওই বাড়ির সামনে থেকে জনতাকে সরানোর চেষ্টা করলেও বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ছোড়ে।
পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামলেও সন্ধ্যায় শত শত মানুষকে ওই বাড়ির সামনের রাস্তায় ভিড় করে থাকতে দেখা যায়। বাড়ির মালিক মইন উদ্দিন ও তার স্ত্রীকে নিয়ে নানা অভিযোগের কথা তারা সাংবাদিকদের বলেন।
মইন উদ্দিনের বাড়িতে কাজ করতে গিয়ে মারধরের শিকার হওয়ার কথাও বলেন বাড়ির সামনে জড়ো হওয়া নারীদের অনেকে।
লাইলীকে ‘হত্যার পর আত্মহত্যা বলে চালানের’ চেষ্টা হচ্ছে অভিযোগ করে সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।
কুড়িগ্রামের ফুলবাড়ির মেয়ে লাইলী দুই ছেলেমেয়েকে নিয়ে বনশ্রীর পাশে মেরাদিয়া হিন্দুপাড়া বস্তিতে থাকতেন। তার স্বামী নজরুল ইসলাম ভারতের কারাগারে বন্দি বলে স্থানীয়দের ভাষ্য।
খিলগাঁও জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাদিয়া জুঁই রাত ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পরও কিছু উত্তেজিত জনতা বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে।
“পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন ফয়সাল আতিক]
