২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির দর্শনের শিক্ষক তোফায়েলের নিয়োগ আপিলেও অবৈধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক খন্দকার তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাই কোর্টের রায় আপিলেও বহাল রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 03:02 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

ওই রায় স্থগিত চেয়ে করা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে বৃহস্পতিবার ‘নো অর্ডার’ দিয়েছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ।

আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর আনোয়ার; সঙ্গে ছিলেন আইনজীবী এম এম জি সারোয়ার।

গত বছরের ২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে দুজন প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়, যাতে আবেদনকারীর যোগ্যতা চাওয়া হয় এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ (কিউম্যুলেটিভ গ্রেড পয়েন্টস অ্যাভারেজ) ৫ এর মধ্যে ন্যূনতম ৪.২৫।

আবেদনকারীদের মধ্য থেকে ৩২ জনের নাম ও যোগ্যতা উল্লেখ করে ৮ ডিসেম্বর বিবরণী প্রকাশ করা হয়। সেখান থেকে যে দুজনকে নিয়োগ দেওয়া হয়, তাদের মধ্যে খন্দকার তোফায়েল আহমেদ শর্ত পূরণ করতে পারেননি; তার সিজিপিএ ৩.১৯।

কিন্তু সিজিপিএর শর্ত পূর্ণ করে ৩২ জনের তালিকার শীর্ষ থাকলেও  এইচ এম মিরাজ সৌরভ নিয়োগ পাননি।

নিজের নিয়োগ চেয়ে এবং খন্দকার তোফায়েল আহমেদের নিয়োগ চ্যালেঞ্জ করে চলতি বছরের ৩০ জানুয়ারি রিট আবেদন করেন মিরাজ।

ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট যে রুল দিয়েছিল, তাতে শর্ত ভঙ্গ করে নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।

সে রুলটিই গত ২৫ জুলাই আংশিক মঞ্জুর করে খন্দকার তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেয় হাই কোর্ট।

এই রায় স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করে, যা গত ৩১ জুলাই চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে।

সেদিন চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সে অনুযায়ী বৃহস্পতিবার আবেদনটির শুনানি হয়।