২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও কনফারেন্সে শিক্ষক-শিক্ষার্থীর মতামত নেবে সরকার

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে সরাসরি অভিযোগ শোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতামত নিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণশুনানি করবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 04:08 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অনলাইনে এই গণশুনানির আয়োজন করবে। প্রাথমিকভাবে ১১টি জেলায় ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু হচ্ছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার শিক্ষা ভবনে ডিআইএ কার্যালয়ে এই অনলাইন গণশুনানি এবং ডিআইএর ই-ফাইলিং কার্যক্রমের উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে ১১টি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

ডিআইএ কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ঘুষ দাবি করেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ডিআইএর এক কর্মকর্তা ঘুষের টাকাসহ দুদকের হাতে ধরা পড়েন।

গণশুনানিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবককরা বিভিন্ন বিষয়ে মতামত ও অভিযোগ দেওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাওয়া কর্মকর্তাদের বিষয়ে অভিমত জানাতে পারবেন।

১৯৮০ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও আছেন সব মিলিয়ে ৬৫ জন।

এই জনবল দিয়ে ৩৬ হাজার প্রতিষ্ঠান পরিদর্শন ‘অসম্ভব’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা ঠিক করেছি, উপযুক্ত যোগ্য শিক্ষকদের কাজে লাগাব, সৎভাবে পরিদর্শন করতে হবে।”

ভুল হওয়া অপরাধ নয়, ইচ্ছাকৃতভাবে চুরি করা অপরাধ- এমন মন্তব্য করে নাহিদ বলেন, “পরিদর্শনে গিয়ে কেউ কেউ টাকা চেয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না।… খাম রেডি হয়ে থাকে, অনেকে শুধু সেই খাম আনতে যায়। এটা যে হচ্ছে তা অস্বীকার করি না।”

পরীক্ষা নিয়ে ডিআইএর কর্মকর্তা বাছাই করা হবে জানিয়ে নাহিদ বলেন, “যারা ঘুষ খান, ইজ্জত থাকতে চলে যান। যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কার দেব।”

ডিআইএ কর্মকর্তাদের উদ্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বলেন, “এমন সফটওয়্যার করুন যেন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার দরকার না হয়। মাঝেমধ্যে যাবেন, তথ্যে ভুল পেলে ব্যবস্থা নেবেন।”

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ডিআইএ কর্মকর্তাদের টাকা চাওয়ার ঘটনা তুলে ধরে সচিব বলেন, “কোনো ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে চরম অ্যাকশন নেওয়া হবে।”

তবে অধিকাংশ প্রতিষ্ঠান নিয়মমাফিক চলে না বলে তারাই ‘ঘুষ দেওয়ার জন্য বসে থাকে’ মন্তব্য করে তিনি বলেন, “এটা দেখা দরকার কারা অনিয়ম করছে। শিক্ষায় অসততা হলে সারা জীবন দেশকে ভোগাবে। আইনে চললে এক পয়সাও দেওয়ার প্রয়োজন নেই। এরপরেও টাকা দেওয়ার জন্য উদ্রীব হয়ে থাকে। পয়সা দিলেই এমপিও হয়ে যাবে- এখন কি আর সেই দিন আছে? এখন সব অটোমেশনে হয়।”

ডিআইএ কর্মকর্তাদের উদ্দেশে সোহরাব বলেন, কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি দেখলে তারা যেন মন্ত্রণালয়ে জানান। যেসব বিষয় নিজেদের আওতার মধ্যে আছে, সেগুলোতে তারা যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

ডিআইএর যুগ্ম-পরিচালক বিপুল চন্দ্র সাহা বলেন, “আমাদের অধিদপ্তর সম্পর্কে মানুষের নেতিবাচক পারসেপশন আছে, আমরা সেটা বদলে দিতে চাই।”

৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের সব ফাইল ই-নথিতে রূপান্তর করা হবে বলেও জানান তিনি।

অন্যদের মধ্যে ডিআইএ পরিচালক অধ্যাপক আহাম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আহমদ শামীম আল রাজী এবং এটুআই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আব্দুল মান্নান অনুষ্ঠানে বক্তব্য দেন।