ন্যাশনাল জিওগ্রাফির ট্রাভেল ফটোগ্রাফি পুরস্কারে ২ বাংলাদেশি
ন্যাশনাল জিওগ্রাফির ট্রাভেল ফটোগ্রাফি বিষয়ক এক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন দুই বাংলাদেশি।
সম্প্রতি ‘ট্রাভেল ফটোগ্রাফার অব দি ইয়ার কনটেস্ট ২০১৭’ শিরোনামে ওই পুরস্কার বিজয়ীদের নাম ন্যাশনাল জিওগ্রাফির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ট্রাভেল ফটোগ্রাফি প্রতিযোগিতার ‘ন্যাচার’, ‘সিটি’ ও ‘পিপল’- এই তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
এর মধ্যে ‘পিপল’ ক্যাটাগরিতে ‘স্যান্ড পোর্টার’ শিরোনামের ছবির জন্য ‘পিপলস চয়েস’ এ বিজয়ী হয়েছেন বাংলাদেশের মো. তানভীর হাসান রোহান।
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে বালুর ঝাকা মাথায় বয়ে নিয়ে যাওয়া শ্রমিকদের ছবি সাদাকালো ফ্রেমে ধরেছেন তিনি।
আর ‘পিপল’ ক্যাটাগরিতেই ‘দ্যা মেনস স্টেয়ার’ শিরোনামের ছবির জন্য ‘অনারেবল মেনশন’ পেয়েছেন মঈন আহমেদ।
এই ছবির জন্য ন্যাশনাল জিওগ্রাফির ভ্রমণ ফটোগ্রাফিতে পুরস্কৃত হয়েছেন মো. তানভীর হাসান রোহান
পিপল ক্যাটাগরিতে বিচারকদের রায়ে প্রথম পুরস্কার পেয়েছেন তুরস্কের দিলেক উয়ার।
ন্যাশনাল জিওগ্রাফির ওয়েবসাইটে বলা হয়, এপ্রিল থেকে জুন পর্যন্ত নির্ধারিত শর্ত মেনে জমা দেওয়ার ছবির মধ্যে থেকে বাছাই করে প্রথমে একটি তালিকা করেন বিচারকরা।
সেই তালিকা থেকে বিচারকরা চূড়ান্তভাবে প্রতিটি ক্যাটাগরিতে তিনজন করে বিজয়ী নির্ধারণ করেন।
এর বাইরে বিচারকদের রায়ে প্রতিটি ক্যাটাগরিতে কয়েকজনকে ‘অনারেবল মেনশন’ দেওয়ার পাশাপাশি ন্যাশনাল জিওগ্রাফিতে নিবন্ধিত আলোকচিত্রীদের ভোটে নির্বাচিত করা হয় ‘পিপলস চয়েস’ বিজয়ী ফটোগ্রাফার।
মো. তানভীর হাসান রোহান
মঈন আহমেদ
‘অনারেবল মেনশন’ পাওয়া মঈন আহমেদ হেড অব টেকনিক্যাল হিসেবে কাজ করছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডে। ২০১৩ থেকে শখের বশে শুরু করলেও ২০১৪ থেকে গুরুত্ব ও আগ্রহ নিয়ে তুলতে শুরু করেন ছবি। এ পর্যন্ত পেয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার।
স্ট্রিট ও লাইফস্টাইল ফটোগ্রাফির প্রতি বেশি আগ্রহী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মঈন।
